সদ্য ফলপ্রকাশ হয়েছে ইউপিএসসি-র সিভিল সার্ভিস পরীক্ষার (সিএসই)। সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় এ বার উত্তীর্ণ ৯৫৮ জন। তাঁদের প্রাপ্ত র্যাঙ্কের ভিত্তিতেই দেশের সর্বোচ্চ আমলাতান্ত্রিক পদে কর্মী নিয়োগ করা হবে। পাশাপাশি কেন্দ্রের বিভিন্ন দফতরে গ্রুপ এ এবং গ্রুপ বি পদে কাজের সুযোগও মিলতে পারে।
প্রতি বছর লক্ষাধিক পরীক্ষার্থী ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা দেন। প্রাপ্ত র্যাঙ্কের ভিত্তিতে স্থির হয়, কোন পদে নিয়োগ হবে। এ সংক্রান্ত তালিকা প্রকাশ করে কেন্দ্রের কর্মী প্রশিক্ষণ বিভাগ। চলতি বছর কমিশনের তরফে মোট ১,০৮৭ শূন্যপদে নিয়োগ হবে। এর মাধ্যমে ২৪-টিরও বেশি পদমর্যাদায় নিয়োগ হবে।
মেধাতালিকায় প্রথম সারিতে থাকা প্রার্থীদের ক্রমানুযায়ী নিয়োগ করা হবে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস), ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস), ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) এবং ইন্ডিয়ান রেভেনিউ সার্ভিস (আইআরএস)-এ আধিকারিক পদে।
ক্রমতালিকায় একটু পিছনের দিকে থাকা প্রার্থীদের নিয়োগ করা হবে অন্য বিভিন্ন পদে। কেন্দ্রীয় সরকারি গ্রুপ এ পদগুলির মধ্যে রয়েছে—
১। ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস
২। ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস
৩। ইন্ডিয়ান সিভিল অ্যাকাউন্টস সার্ভিস
৪। ইন্ডিয়ান কর্পোরেট ল সার্ভিস
৫। ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকাউন্টস সার্ভিস
৬। ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকাউন্টস সার্ভিস
৭। ইন্ডিয়ান ডিফেন্স এস্টেটস সার্ভিস
৮। ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস
৯। ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস
১০। ইন্ডিয়ান পোস্টাল অ্যান্ড টেলিকম অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স সার্ভিস
১১। ইন্ডিয়ান রেলওয়ে পার্সোনেল সার্ভিস
১২। ইন্ডিয়ান রেলওয়ে ট্রাফিক সার্ভিস
১৩। ইন্ডিয়ান রেলওয়ে অ্যাকাউন্টস সার্ভিস
১৪। ইন্ডিয়ান অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ় সার্ভিস
১৫। ইন্ডিয়ান রেলওয়ে প্রোটেকশন ফোর্স সার্ভিস।
আরও পড়ুন:
গ্রুপ বি-র বিভিন্ন পদমর্যাদাগুলি—
১। আর্মড ফোর্সেস হেডকোয়ার্টার্স সিভিল সার্ভিস
২। দিল্লি, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস সিভিল সার্ভিস (ড্যানআইসিএস)
৩। দিল্লি, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস, লাক্ষাদ্বীপ, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ পুলিশ সার্ভিস (ডিএএনআইপিএস)।
৪। পুদুচেরি সিভিল সার্ভিস
৫। পুদুচেরি পুলিশ সার্ভিস
বেতনকাঠামো
গ্রুপ এ এবং গ্রুপ বি পদমর্যাদার সমস্ত পদেই নিযুক্তদের বেতনকাঠামো একই। পরিমাণ মাসে ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা।