রাষ্ট্রায়ত্ত সংস্থায় ট্রেনি ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। ওই পদে কাজের জন্য প্রার্থীদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। মোট শূন্যপদ ৭২।
ওই পদে নিযুক্তদের ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড (এনএইচপিসি)-এ কাজ করতে হবে। সংস্থার তরফে জানানো হয়েছে, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বিষয়ে স্নাতকেরা ওই পদে চাকরির সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের ২০২৪ কিংবা ২০২৫-এর গেট উত্তীর্ণ হওয়া আবশ্যক।
আরও পড়ুন:
প্রার্থীদের ওই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের জন্য বাছাই করা হবে। এর পরই চূড়ান্ত পদে নিযুক্ত হবেন তাঁরা। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের প্রতি মাসে ৫০,০০০-১,৬০,০০০ টাকা বেতনক্রমে মাইনে দেওয়া হবে। তাঁদের ন্যূনতম চার বছরের জন্য ওই পদে বহাল রাখা হবে।
আগ্রহীদের অনলাইন মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। নির্দিষ্ট পোর্টাল মারফত তাঁরা জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, গেট শংসাপত্র-এর মতো আনুষঙ্গিক নথি জমা দিতে পারবেন। ১৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে।