বর্ডার সিকিউরিটি ফোর্স-এর (বিএসএফ) বিশেষ বিভাগের আধিকারিক পদে নিয়োগবিধি বদলানো হল। নতুন নিয়মে ৬০ বছর বয়স পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট (সরকারি ভাষা) পদে চাকরি করার সুযোগ থাকছে। এ ছাড়াও ওই পদে নিযুক্তদের হিন্দি কিংবা ইংরেজি ভাষায় অনুবাদক কিংবা শিক্ষক হিসাবে অন্তত তিন বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, ২০১৭তে লাগু হওয়া পুরনো নিয়োগের বিধি অনুযায়ী, এর আগে ৫৭ বছর বয়স পর্যন্ত ওই পদে চাকরি বহাল থাকত। সেই নিয়মেই রদবদল করা হয়েছে। ৩ ফেব্রুয়ারি, ২০২৬ থেকেই নতুন বিধি কার্যকর করা হয়েছে।
আরও পড়ুন:
মন্ত্রকের তরফে আরও বলা হয়েছে, গ্রুপ এ বিভাগের সংশ্লিষ্ট পদে ডেপুটেশনের মেয়াদও বৃদ্ধি করা হয়েছে। ৫৬ বছর বয়স পর্যন্ত ডেপুটেশনের ভিত্তিতে সরকারি বিভাগের আধিকারিকেরা অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট (সরকারি ভাষা) পদে কাজ করতে পারবেন। নিযুক্তেরা সপ্তম পে কমিশনের লেভেল ৮ থেকে ৯ পর্যন্ত বেতনক্রমে প্রতি মাসের পারিশ্রমিক পাবেন।
সংবাদমাধ্যম সূত্রে খবর, বিএসএফ-এর প্রশাসনিক বিভাগের যে কোনও গুরুত্বপূর্ণ নথি সরকারি ভাষায় অনুবাদ করার কাজটি অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট করে থাকেন। তাই এই পদে অভিজ্ঞ এবং দক্ষ আধিকারিকেরা দীর্ঘ সময়ের জন্য যাতে পরিষেবা দিতে পারেন, সেই লক্ষ্যেই নিয়মের রদবদল করা হয়েছে।