বনগাঁকাণ্ডে যেন পরতে পরতে চমক! ওই ঘটনায় অভিযুক্ত তনয় শাস্ত্রী বুধবার আদালতে ২০ লক্ষ টাকার মানহানি মামলা দায়ের করেন অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে। বৃহস্পতিবার তারই পাল্টা জবাব দিলেন অভিনেত্রী। আনন্দবাজার ডট কম-কে মিমির পক্ষ থেকে জানানো হয়েছে, ২ কোটি টাকার পাল্টা মানহানি মামলা দায়ের করেছেন তিনি।
এখানেই শেষ নয়। দায়ের করা মামলায় তিনি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্ত তনয়কে মামলা তুলে নেওয়ার শর্ত দিয়েছেন। পাশাপাশি, মিমিকে হেনস্থার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তনয়কে।
আরও পড়ুন:
মিমির দায়ের করা মামলার প্রতিলিপি হাতে এসেছে আনন্দবাজার ডট কম-এর। সেই আবেদনে অভিনেত্রীর আইনজীবী আরও জানিয়েছেন, তাঁর মক্কেল জাতীয় স্তরের অভিনেত্রী, জনপ্রিয় গায়িকা এবং বিনোদনদুনিয়ার তারকা। তাঁকে অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়ে অকারণ হেনস্থা করেছেন তনয়।
তনয়ের মানহানি মামলার জবাবে পাল্টা মামলা ঠুকেছেন মিমি। অভিযুক্তের কাছে আইনি নোটিস গিয়েছে। এ বিষয়ে কী বলছেন তনয়? তিনি কি মিমির দেওয়া শর্ত মেনে নেবেন? জবাবে তনয় বলেছেন, “আমি রাজ্য সরকার এবং প্রশাসন ও আইনব্যবস্থার উপরে আশা রাখছি। আমার আবেদন, যেন নিরপেক্ষ ভাবে ন্যায়বিচার হয়।”