গত এক বছরে তাঁকে সে ভাবে পর্দায় দেখেনি দর্শক। সদ্য জন্মদিন গিয়েছে। অভিনেত্রী মধুরিমা বসাক কেমন আছেন? কোথায় আছেন? শোনা গিয়েছিল, তিনি মুম্বইয়েই আগামী দিনে নিজের কেরিয়ার তৈরির কথা ভাবছেন। সম্প্রতি, মহাকাল মন্দিরে মধুরিমা বসাকের ছবি দেখে আরও বেশি কৌতূহলী তাঁর অনুরাগীরা। প্রশ্ন, তাঁকে কি নতুন কোনও কাজে দেখা যাবে?
১৮ মে জন্মদিন একেবারে নিরিবিলিতে কাটিয়েছেন মধুরিমা। বাবার সঙ্গে মহাকাল মন্দিরে পুজো দিয়েছেন। অভিনেত্রী বলেন, “জন্মদিনে সব সময়ই আমি ছুটি নিই। শুটিং থাকলেও এই দিনটা সবসময়ই নিজের জন্য রাখি। এই বছরেও বাবাকে নিয়ে তাই বেরিয়ে পড়েছিলাম।”
২০২৫ সালে কাজ থেকে দূরে ছিলেন অভিনেত্রী। মধুরিমা স্পষ্ট জানান, আগের বছরে মানসিক ভাবে প্রস্তুত ছিলেন না কাজ করার জন্য। অভিনেত্রী যোগ করেন, “আমি মানসিক ভাবে তৈরি ছিলাম না নতুন কোনও কাজ শুরু করার জন্য। তবে এ বার নতুন কাজ শুরু করার জন্য আমি প্রস্তুত।” এক সময় বাংলা ধারাবাহিকে মূলত খলচরিত্রেই তাঁকে দেখেছে অনুরাগীরা।
আরও পড়ুন:
আর কি বাংলা ছোটপর্দায় দেখা যাবে না মধুরিমাকে? অভিনেত্রী বলেন, “এখানে অনেক দিন ধরে কাজ করছি। অনেক প্রথম সারির প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেছি আমি। কিন্তু তার পরেও যে খুব বেশি সুযোগ এসেছে তেমন নয়।” আপাতত তাই বাংলা ধারাবাহিকে অভিনয়ের কথা ভাবছেন না মধুরিমা।
এত দিন যে পর্দা থেকে দূরে অর্থনৈতিক দিক থেকে সবটা সামাল দিলেন কী ভাবে? মধুরিমা যোগ করেন, “সত্যিই তো চাপ হয়েছে। নেহাত আমার মা-বাবা আছেন। ওঁদের জন্য তাই আমাকে সেই সমস্যায় পড়তে হচ্ছে না।” অভিনেত্রী মহাকাল মন্দিরে এই প্রার্থনাই করেছেন, যাতে ভাল করে আগামী দিনে কাজ করতে পারেন। মুম্বইয়ে যে কোনও মাধ্যমে কাজ করতে রাজি তিনি।