‘তুমি আসবে বলে’, ‘আয় খুকু আয়’—দুই ধারাবাহিকেই জুটি বেঁধে কাজ করেছেন তাঁরা। আচমকা যখন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুসংবাদ ঘিরে হুলস্থুল টলিপাড়ার অন্দরে, তখন সহ-অভিনেতা রাহুলের সঙ্গে কাজের স্মৃতি বার বার মনে পড়ছিল অভিনেত্রী সন্দীপ্তা সেনের। এই দুঃসংবাদ কোনও ভাবেই মেনে নিতে পারছেন না এখনও।
বড়পর্দায় যেমন রাহুল এবং প্রিয়াঙ্কা সরকারের জুটি নিয়ে একসময় হইহই হত, তেমনই ছোটপর্দায় রাহুল-সন্দীপ্তা জুটির জনপ্রিয়তাও ছিল তুঙ্গে। সেই সময় তাঁদের বন্ধুত্ব নিয়েও আলোচনা চলত ঘনিষ্ঠমহলে। যদিও এখন সেই সব অতীত। সবকিছুই যেন আচমকা স্মৃতি হয়ে গেল। সহ-অভিনেতার কথা বলতে বলতে গলা ধরে এল নায়িকার।
সন্দীপ্তা বলেন, “এমন আকস্মিক মৃত্যু। কিছু বলার নেই। এখনও মেনে নিতে পারছি না। এত ভাল লেখে। এত ভাল অভিনয় করে। খুবই দক্ষ একজন শিল্পী। খুব ভাল সহ-অভিনেতা। সেটে থাকলে সবাইকে মাতিয়ে রাখত। অনেক দিন দেখা হয়নি আমাদের। আসলে একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি মাঝে। সম্প্রতি রাহুলের অভিনীত ‘ঠাকুমার ঝুলি’ ওয়েব সিরিজ়টাও দেখলাম। শুটিং করতে গিয়ে জলে ডুবে... খুবই অবিশ্বাস্য ঘটনা। কী যে বলব! ভেবে উঠতে পারছি না। শট দিতে দিতে চলে গেল মানুষটা।”
রাহুলের আকস্মিক মৃত্যুর খবর কেউই মেনে নিতে পারছেন না। এই মুহূর্তে তাঁকে দর্শক দেখছিলেন ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকে। গুরুগম্ভীর চিকিৎসকের চরিত্রে তাঁর অভিনয় খুব অল্প দিনেই নজর কেড়েছিল দর্শকের। সেই সঙ্গে আলোচনায় উঠে এসেছিল শ্বেতা মিশ্রের সঙ্গে তাঁর জুটি।