মঙ্গলবার রাতে খবর ছড়ায়, মুম্বইয়ের খ্যাতনামী একটি হাসপাতালে ঢুকতে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকে। স্বাভাবিক ভাবেই প্রবীণ তারকার স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠায় ভুগতে শুরু করেন অনুরাগীরা। ওই রাতেই হাসপাতাল থেকে বেরিয়ে বাড়ি ফেরেন অমিতাভ। যদিও তত ক্ষণে তাঁর হাসপাতালে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে। পরে অবশ্য অনুরাগীদের উদ্বেগ দূর করেন অমিতাভ নিজেই।
আরও পড়ুন:
সমাজমাধ্যমে ভীষণরকম সক্রিয় অমিতাভ। নিজেই জানিয়েছেন, রাত জেগে ব্লগ লেখার কাজ করেন। কারণ, কাজ ছাড়া থাকতে পারেন না তিনি। তাই হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর সমাজমাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ বার্তা দেন। তিনি লেখেন, ‘‘আকাশে একটাও চিল নেই। এ দিকে তোতাপাখি কথা বলতে শুরু করেছে। আমি নিজের বাজরার রুটি ও কিছু সব্জি খেয়েছি।’’ আসলে তিনি যে সুস্থ আছেন, এই পোস্টে সেই বার্তাই দিয়েছেন অমিতাভ।
৪৪ বছর আগে ‘কুলি’ ছবির শুটিংয়ের সময় পেটে আঘাত পেয়েছিলেন অমিতাভ। সেই সময় থেকে বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছেন। অশীতিপর অমিতাভ সেই কারণে নিয়ন্ত্রিত জীবন যাপন করেন। তাঁর ক্ষুদ্রান্ত্রের সমস্যা রয়েছে। এ ছাড়াও লিভারে সিরোসিসও রয়েছে। শোনা যায়স তাঁর লিভারের মাত্র ২৫ শতাংশই কর্মক্ষম। জানা গিয়েছে, এ বার পাচনতন্ত্রের সমস্যার জেরে হাসপাতালে গিয়েছিলেন অমিতাভ। তবে একটা সূত্রে জানা যাচ্ছে, তিনি নাকি গত ১৬ মে, ?নিবার স্বাস্থ্যপরীক্ষা করাতে হাসাপাতালে গিয়েছিলেন। অন্য একটা সূত্র জানাচ্ছে, তিনি মঙ্গলবার মধ্যরাতে গিয়েছিলেন হাসপাতালে। আদৌ কবে হাসপাতালে গিয়েছিলেন স্বাস্থ্যপরীক্ষা করাতে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
চিকিৎসকদের পরামর্শমতো অনেক বাধানিষেধ রয়েছে তাঁর জীবনযাত্রায়। কিন্তু তার পরেও দমে যাওয়ার পাত্র নন তিনি। একইরকম ভাবে কাজ করে চলেছেন অভিনেতা।