শত পরিশ্রম করে অর্থ উপার্জন করলেও বিন্দুমাত্র সঞ্চয় হচ্ছে না। তার পরিবর্তে জলের মতো শুধু খরচই হয়ে যাচ্ছে। এর কারণ হতে পারে বাস্তুদোষও। বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়ির উত্তর দিকটিকে ধনসম্পদ ও ভাগ্যের দেবতা কুবের এবং মা লক্ষ্মীর দিক বলে মনে করা হয়। এই দিকটিকে বলা হয় আর্থিক সমৃদ্ধির প্রবেশদ্বার। উত্তর দিকটিকে বাস্তু মেনে সাজালে ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে এবং আর্থিক অবস্থার উন্নতি হয়। অর্থলাভের পাশাপাশি সুখ-সমৃদ্ধি আকর্ষণ করতে বাড়ির উত্তর দিকে যে জিনিসগুলি রাখা শুভ, তা নিয়ে নীচে বিস্তারিত আলোচনা করা হল—
- বাড়ির উত্তর দিকের দেওয়ালে একটি কুবের যন্ত্র স্থাপন করতে পারেন। এটি আর্থিক বাধা দূর করতে সাহায্য করে।
- উত্তর দিকে মা লক্ষ্মী অথবা গণেশ ঠাকুরের ছবি বা মূর্তি রাখতে পারেন। এর ফলে অর্থলাভের সম্ভাবনা থাকে।
আরও পড়ুন:
- উত্তর দিক জল উপাদানের সঙ্গে সম্পর্কিত। তাই এই দিকে জলের ব্যবস্থা রাখা অত্যন্ত শুভ। একটি ছোট জলের ফোয়ারা রাখতে পারেন। খেয়াল রাখবেন ফোয়ারার জলের প্রবাহ যেন বাড়ির ভিতরের দিকে হয়।
- বাড়ির উত্তর দিকে পরিচ্ছন্ন জায়গায় একটি ছোট অ্যাকোয়ারিয়াম বা কাচের পাত্রে জল দিয়ে তাতে মানিপ্ল্যান্ট রাখতে পারেন।
- আপনি যদি উত্তর দিকের ঘরের ভিতর আলমারি অথবা টাকার বাক্স রাখেন, তবে তা নির্দিষ্ট দিক মেনে রাখতে হবে। খেয়াল রাখবেন, আলমারির মুখ যেন উত্তর দিকে খোলে। বাস্তুমতে, উত্তর দিকে আলমারির মুখ খুললে কুবের দেবের দৃষ্টি সরাসরি টাকার উপর পড়ে, যা সম্পদ বৃদ্ধি করে।
আরও পড়ুন:
- বাস্তুশাস্ত্র অনুসারে, কচ্ছপকে দীর্ঘায়ুর প্রতীক ধরা হয়। উত্তর দিকে একটি পাত্রে জল রেখে তার মধ্যে তামা বা পিতলের কচ্ছপ রাখুন। লক্ষ রাখতে হবে, ধাতব কচ্ছপটির মুখ যেন বাড়ির ভিতরের দিকে থাকে।
অন্দরমহলের উত্তর দিকে কখনও বড় মাপের আসবাবপত্র রাখবেন না। এই দিকে ময়লা ফেলার পাত্র অথবা ভাঙাচোরা জিনিস জমিয়ে রাখবেন না। এর ফলে লক্ষ্মী দেবী রুষ্ট হন। উত্তর দিকের দেওয়ালে লাল, গাঢ় কমলা অথবা কালো রং ব্যবহার করা থেকে বিরত থাকুন। বাড়ির উত্তর দিকটি সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। কর্পূর অথবা ধূপ ব্যবহার করে জায়গাটি সুগন্ধে ভরিয়ে রাখতে পারেন। এর ফলে ঘরে পজ়িটিভ এনার্জির চলাচল বৃদ্ধি পায়।