Advertisement
E-Paper

‘কলকাতায় ফিরে দেখা হবে’, তালসারিতে শেষ এ কথাই বলেছিলেন রাহুল! মানসিক ভাবে বিধ্বস্ত ভাস্কর

ছোটপর্দার উজানের সঙ্গে জ্যাঠার বেশ কিছু খুনসুটির দৃশ্য দেখেছেন দর্শক। রাহুল অরুণোদয়ের সঙ্গে আরও অনেক কাজ করেছেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। সবই যেন এক লহমায় স্মৃতি হয়ে গেল।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১৬:২৫
বিধ্বস্ত ভাস্কর। রাহুলের কোন কথা মনে পড়ছে অভিনেতার?

বিধ্বস্ত ভাস্কর। রাহুলের কোন কথা মনে পড়ছে অভিনেতার? ছবি: সংগৃহীত।

অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়কে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকে দর্শক দেখেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জ্যাঠার চরিত্রে। ছোটপর্দার উজানের সঙ্গে জ্যাঠার বেশ কিছু খুনসুটির দৃশ্য দেখেছেন দর্শক। আধ ঘণ্টা আগেও যে রাহুলের সঙ্গে শট্‌‌‌ দিয়ে এসেছিলেন! গত ৪৮ ঘণ্টায় যা যা ঘটেছে, তাতে মানসিক ভাবে বিধ্বস্ত ভাস্কর।

অভিনেতা বললেন, “সাদা কাপড়ে মোড়া রাহুলকে দেখতে যাওয়ার ক্ষমতা ছিল না আমার। তাই ওর বাড়ি বা কেওড়াতলা, কোথাও যাইনি। আমি শেষ স্মৃতিটুকুই আগলে রাখতে চাই। আমাদের অংশের শুটিং শেষ হয়ে গিয়েছিল। কিন্তু রাহুলদের শট্‌ চলছিল। ওখান থেকে আমরা ফিরছি যখন, তখন ও আমাকে বলল, ‘কলকাতায় ফিরে দেখা হবে।’ সেই কথাটা বার বার কানে বাজছে। তাই আমি কোথাও যেতে পারিনি। ইস্টবেঙ্গল-মোহনবাগান নিয়ে কম ঝামেলা হয়েছে আমাদের!”

‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়েই ঘটে যায় অঘটন। প্রায় ৪৮ ঘণ্টা পরেও রাহুলের চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না কেউ। রাহুলের আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে অনেক ধরনের প্রশ্নও উঠে আসছে। শুটিংয়ের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, সে দিন গভীর জলের কোনও দৃশ্য ছিল না। তার পরে অবশ্য তাঁদের তরফেও আর কিছু জানা যায়নি। সোমবার কেওড়াতলা মহাশ্মশানে ভিড় করেছিলেন টলিপাড়ার প্রায় সবাই। কিন্তু, সেখানেও ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের তেমন কাউকে সে ভাবে দেখা যায়নি।

Rahul Arunoday Banerjee Bhaskar Banerjee Tollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy