Advertisement
E-Paper

কখনও বাড়ির ছাদে, কখনও ঘরে চলছে ক্রিকেট প্র্যাকটিস, ‘ঘূর্ণি’র জন্য কী ভাবে তৈরি হচ্ছেন নবাগতা সপ্তশ্রী?

কাঁথির মেয়ে সপ্তশ্রী। তিন মাস হল কলকাতায় এসেছেন। ধারাবাহিকে সুযোগ পাওয়ার সূত্রেই তাঁর কলকাতায় আসা। ঘূর্ণি দাস চরিত্রের জন্য কী প্রস্তুতি নিচ্ছেন নায়িকা?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ০৮:৫৯
‘ঘূর্ণি’ ধারাবাহিকের জন্য ক্রিকেটের প্রশিক্ষণ নিচ্ছেন অভিনেত্রী সপ্তশ্রী?

‘ঘূর্ণি’ ধারাবাহিকের জন্য ক্রিকেটের প্রশিক্ষণ নিচ্ছেন অভিনেত্রী সপ্তশ্রী? ছবি: সংগৃহীত।

শাশুড়ি-বৌমার কোন্দল, নায়ক-নায়িকার দু’বার বিয়ের কাহিনির বাইরে নতুন মোড়কে গল্প সাজাচ্ছেন পরিচালক, প্রযোজকেরা। ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে যেমন দুই বোনের লড়াই দেখা যাচ্ছে। এ বার আসছে ক্রিকেটকেন্দ্রিক নতুন কাহিনি। নাম ‘ঘূর্ণি’। এই কাহিনির মাধ্যমে দর্শক পাবেন নতুন নায়িকা। যাঁর নাম সপ্তশ্রী নন্দ।

কাঁথির মেয়ে সপ্তশ্রী। তিন মাস হল কলকাতায় এসেছেন। ধারাবাহিকে সুযোগ পাওয়ার সূত্রেই তাঁর কলকাতায় আসা। নায়িকা হিসাবে প্রথম কাজ। সেখানে আবার গল্প ক্রিকেটকে কেন্দ্র কর। বিশেষ কি কোনও প্রশিক্ষণ নিচ্ছেন অভিনেত্রী? সপ্তশ্রী বললেন, “আমি যে খুব ক্রিকেটপ্রেমী ছিলাম, তা নয়। এখন ধারাবাহিকের সূত্রে কিছুটা ভাল লাগা তৈরি হয়েছে। ব্যাডমিন্টন খেলতে ভালবাসি। এখন অবশ্য ক্রিকেট খেলতেও বেশ লাগছে। আমার এক জন কোচ ম্যাডাম আছেন। তাঁর থেকে প্রশিক্ষণ নিচ্ছি।” শুধু কি তা-ই? মায়ের থেকেও সাহায্য পাচ্ছেন সপ্তশ্রী।

অভিনেত্রী জানালেন, বাড়ির ছাদে মায়ের সঙ্গেও প্র্যাকটিস চলছে তাঁর। সপ্তশ্রী বলেন, “প্রথমে ঘরে বল ঝুলিয়ে প্র্যাকটিস করতাম। তার পরে বাড়ির ছাদে। কত বার যে বল বাইরে চলে গিয়েছে। আর মা তো ঠিক করে বলও ছুড়তে পারে না। তাই মাঝে মাঝে আমার সঙ্গে ঝগড়াও হয়ে যাচ্ছে। এখন খাওয়া-দাওয়াও মেপে করতে হয়। যাতে ওজন না বেড়ে যায়। খেলোয়াড়দের মতো হাবভাবও তো আনতে হচ্ছে। দিনে দু’ঘণ্টা করে প্র্যাকটিস করছি। কোচ ম্যাডামকে পেয়েছিলাম বলে এখন ব্যাট ধরতে শিখেছি।”

সপ্তশ্রীরা দুই বোন। তাঁর দিদি কাঁথিতেই সরকারি স্কুলের শিক্ষিকা। ছোটবেলা থেকে সেখানেই বেড়ে ওঠা। সপ্তশ্রী জানালেন, তাঁর দিদিরই প্রথমে বেশি ইচ্ছা ছিল অভিনেত্রী হওয়ার। তবে সপ্তশ্রী ভালবাসতেন নাচ করতে। সেই জন্য কাঁথিতে একটি অভিনয় প্রশিক্ষণকেন্দ্রে তাঁকে ভর্তি করিয়ে দেন তাঁর মা। সেখান থেকেই আসে সুযোগ। প্রথমে ‘ভালবাসার রংরুট’ ধারাবাহিকে নায়কের বোনের চরিত্রে অভিনয়ের জন্য সুযোগ আসে। তার পরেই ‘ঘূর্ণি’-তে অভিনয়ের সুযোগ পান অভিনেত্রী।

Tollywood Actress Bengali Serial
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy