Advertisement
E-Paper

বাস্তবের পরে পর্দাতেও আসছেন ‘জন নায়কন’ বিজয়! নতুন মুখ্যমন্ত্রীর শেষ ছবিমুক্তি শীঘ্রই?

পরিবেশ, পরিস্থিতি বিজয় তলপতির অনুকূলে। এখনই ‘জন নায়কন’ মুক্তির সেরা সময়। তাই কি ছবিমুক্তির কথা ভাবছেন প্রযোজক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১৩:১৭
পর্দায় ফিরছেন বিজয় তলপতি।

পর্দায় ফিরছেন বিজয় তলপতি। ছবি: ফেসবুক।

আগামী ১৪ দিনের মধ্যে মুক্তি পেতে চলেছে বিজয় তলপতির ছবি ‘জন নায়কন’। খবর, রবিবার তামিলনাড়ুর অভিনেতা-মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানের দিন এমনই আভাস দিয়েছেন ছবির প্রযোজক। তাঁর কথায়, “সব ঠিক থাকলে দু’সপ্তাহের মধ্যে মুক্তি পাবে আমাদের ছবি।”

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই পরিবেশ, পরিস্থিতি বিজয়ের অনুকূলে। এখনই ‘জন নায়কন’ মুক্তির সেরা সময়। তাই কি ছবিমুক্তির কথা ভাবছেন প্রযোজক? এ প্রসঙ্গে তিনি সংবাদমাধ্যমকে কিছু বলেননি। বদলে কেভিএন প্রোডাকশনসের প্রতিষ্ঠাতা ভেঙ্কট কে নারায়ণ জানান, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর সঙ্গে ‘জন নায়কন’-এর চূড়ান্ত ছাড়পত্র প্রক্রিয়া চলছে। তিনি বলেন, “চূড়ান্ত প্রক্রিয়া চলছে এবং আমরা তাঁদের সঙ্গে আলোচনা করছি। আমরা খুব খুশি ও উত্তেজিত।”

নির্বাচনের আগে ছবির প্রচারের সময় বিজয় জানিয়েছিলেন, এটিই তাঁর শেষ অভিনীত ছবি। আগামী দিনে তিনি রাজনীতিতেই পুরোপুরি মন দিতে চান। রবিবার সে কথা আরও একবার উল্লেখ করেন প্রযোজকও। বিজয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তাঁর বক্তব্য, “আমি বিজয় স্যরকে ব্যক্তিগত ভাবে চিনি। তিনি খুবই শৃঙ্খলাপরায়ণ ও কাজের প্রতি নিবেদিতপ্রাণ। তিনি যাঁকে যা প্রতিশ্রুতি দেন, তা পূরণ করেন। তিনি যা বলেন, সেটা করে দেখান।”

তার পরেও ‘জন নায়কন’ নিয়ে, ব্যক্তিগত জীবন নিয়ে নির্বাচনের আগে কম সমস্যা পোহাতে হয়নি বিজয়কে। প্রযোজকও সে কথা মেনে নিয়েছেন। অতীতের কিছু ঘটনাকে “দুর্ভাগ্যজনক” বলে আখ্যা দিয়েছেন তিনি। আবার এ-ও জানিয়েছেন, পুরো টিম সে সব ভুলে শেষমুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। প্রযোজকের মতে, ‘জন নায়কন’ ছবিটি ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। কারণ ছবিটি বিজয়ের অভিনয়জীবনের পালাবদলের সাক্ষী। সম্প্রতি, ছবিটি অবৈধ ভাবে অনলাইন প্ল্যাটফর্মে ফাঁস হয়ে যায়। এই ঘটনায় একজন ফ্রিল্যান্স সহকারী সম্পাদক-সহ আরও কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে।

Vijay Thalapathy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy