বছর ঘুরলেই বলিপাড়ায় একের পর এক বাজবে বিয়ের সানাই। কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্রার বিয়ে নিয়ে জোর চর্চা চলছে বি-টাউনে। ২০২৩ সালেই নাকি তাঁদের চার হাত এক হবে। এমন আবহে আরও এক খ্যাতনামী দম্পতির বিয়ের খবর শোনা গেল। আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী রকুলপ্রীত সিংহ। পাত্র প্রযোজক-অভিনেতা জ্যাকি ভাগনানি।
শোনা যাচ্ছে, আগামী বছরই বিয়ে করছেন রকুলপ্রীত ও জ্যাকি। তবে এখনও এই প্রসঙ্গে তাঁরা কেউই মুখ খোলেননি। সংবাদ সংস্থা সূত্রে খবর, দু’জনেই বিয়ের মতো প্রতিষ্ঠানকে সম্মান দেন এবং পছন্দও করেন। ছেলের বিয়ে নাকি ঘটা করে দেবেন বলে মনস্থির করেছেন জ্যাকির বাবা বাসু ভাগনানি।
আরও পড়ুন:
এই প্রসঙ্গে রকুলপ্রীতে ভাই আমন বলেছেন, ‘‘জ্যাকির একাধিক ছবিতে কাজ করেছে রকুল। বিয়ে অবশ্যই হবে। তবে এখনই চূড়ান্ত কোনও পরিকল্পনা করা হয়নি। ও যে দিন বিয়ে করতে চাইবে, নিজেই সে কথা ঘোষণা করবে। জ্যাকির হাতে বেশ কিছু ছবির কাজ রয়েছে। রকুলও খুব ব্যস্ত এখন।’’
অনেক দিন ধরেই জ্যাকির সঙ্গে প্রেমপর্ব চলছে রকুলের। ২০২১ সালে ইনস্টাগ্রামে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তাঁরা। তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত রকুলের ভক্তরা।
আরও পড়ুন:
অন্য দিকে, ২০২৩ সালেই বিয়ে করতে চলেছেন সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আডবাণী। ‘শেরশাহ’ ছবির পর থেকেই এই যুগলের প্রেমকাহিনি চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে।