ভারতের অন্যতম মেগাতারকা তিনি। প্রতিপত্তির অভাব নেই তাঁর, যদিও এখনও এক কামরার ফ্ল্যাটে থাকতেই স্বচ্ছন্দ তিনি। তিন দশকেরও বেশি সময় ধরে বলিপাড়ায় রাজত্ব করছেন সলমন খান। এই দীর্ঘ কেরিয়ারে অনেক চড়াই-উতরাইয়ের সাক্ষী হতে হয়েছে তাঁকে। জড়িয়েছেন বহু বিতর্কেও। তাঁর নানা আচরণ বিভিন্ন সময় সমালোচিত হয়েছে। তবে পর্দায় তিনি এলেই নাকি ছবি হিট্! লক্ষ্মীলাভ হল মালিকদের। কিন্তু গত দু’বছরে কোনও হিট্ দিতে পারেননি ভাইজান। যদিও ‘কিসি কি ভাই কিসি কি জান’ খানিকটা কান ঘেঁষেই বেরিয়ে গিয়েছে, তবে ‘অন্তিম’-এর ভরাডুবি হয়েছে বক্স অফিসে। অপেক্ষা এখন ‘টাইগার ৩’-এর জন্য। তবে তার আগেই নতুন অবতারে সলমন। ব্যবসায় হাত পাকাতে চলেছেন। মুম্বইয়ে সমুদ্রের ধারে বিলাসবহুল হোটেল খুলছেন সলমন।
আরও পড়ুন:
মুম্বইয়ের বান্দ্রা এলাকায় ১৯ তলার হোটেল নির্মাণ করাচ্ছেন অভিনেতা। প্রতিটি তলায় থাকছে বিনোদন ও অবসর যাপনের ব্যবস্থা। প্রথম দু’টি তলায় থাকছে ক্যাফে ও রেস্তরাঁ। তৃতীয় তলায় থাকছে জিম ও পুল। চতুর্থ তলা পরিষেবা সংক্রান্ত কাজের জন্য। পঞ্চম ও ষষ্ঠ তলার পুরোটা জুড়েই থাকছে অনুষ্ঠানকক্ষ। তার পর সপ্তম থেকে বাকি অংশে থাকবে বিলাসবহুল হোটেল। অভিনেতার মা সলমা খানের নামে নামাঙ্কিত হবে এই হোটেল, এমনটাই জল্পনা। যদিও অভিনেতার তরফে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি এখনও।