Advertisement
E-Paper

মনে চাপা উদ্বেগ, সহকর্মী রাহুলের অকালমৃত্যুর যন্ত্রণা! কিন্তু ‘ক্যামেরা চলছে’

রাহুলের মৃত্যুর আকস্মিকতা কাটিয়ে সোমবার সকাল থেকে নিয়মমাফিক কাজ শুরু হয়েছে টেলিপাড়ায়। কারণ, জীবনমুখী আপ্তবাক্য হল, ‘শো মাস্ট গো অন’।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ২০:১৬
রাহুলের অকালমৃত্যু, কিন্তু টেলিপাড়ায় ক্যামেরা চলছে।

রাহুলের অকালমৃত্যু, কিন্তু টেলিপাড়ায় ক্যামেরা চলছে। ছবি: সংগৃহীত।

‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। স্বাভাবিক ভাবেই সেই ধারাবাহিকের কাজ বন্ধ। জানা গিয়েছে, এই ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর অপর ধারাবাহিক ‘চিরসখা’র কাজও বন্ধ। সহকর্মীর মৃত্যুতে শোকজ্ঞাপন করেই এই সিদ্ধান্ত। তবে কেউ কেউ আবার শোকের মধ্যেও কাজে যেতে বাধ্য হয়েছেন।

সোমবার, সপ্তাহের প্রথম দিনে কাজের বেশ চাপই থাকে টেলিপাড়ায়। ধারাবাহিকের সম্প্রচার হয় প্রত্যেক দিন। সব সময়ে যে আগে থেকে বাড়তি পর্বের শুট করে রাখা সম্ভব হয়, তা নয়। ফলে বেশির ভাগ ধারাবাহিকের শুটিংই নিয়মমাফিক শুরু করতে হয়েছে সোমবার। কারণ, জীবনমুখী আপ্তবাক্যটা হল, ‘শো মাস্ট গো অন’। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস জানিয়েছেন, কাজ বন্ধ হয়নি। সকাল থেকে শুটিং চলছে প্রায় সব ধারাবাহিকেরই।

দাসানি ১ স্টুডিয়োয় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ‘লক্ষ্মীঝাঁপি’ ধারাবাহিকের শুটিং। অন্য দিকে, দাসানি ২ স্টুডিয়োয় চলছে ‘চিরদিনই তুমি যে আমার’, ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’, ‘আজকের নায়ক পরশুরাম’, ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকের শুটিং। ইন্দ্রপুরী স্টুডিয়োয় চলছে ‘পরিণীতা’ ও ‘কমলা নিবাস’ ধারাবাহিকের শুটিং।

প্রিন্স আনোয়ার শাহ রোডের উপরে রয়েছে ‘ভারতলক্ষ্মী পিকচার্স’-এর অফিস। সেখানে শুটিং হয় ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের। নায়ক সোমরাজ মাইতি জানিয়েছেন, অন্যান্য দিনের মতো সোমবারও তাঁদের শুটিং চলছে। এই স্টুডিয়োয় শুটিং চলছে মানালি দে এবং সব্যসাচী চৌধুরীর আসন্ন ধারাবাহিকের। ‘সংসার সংকীর্তন’ ধারাবাহিকের কাজও সেখানে চলছে।

এই মুহূর্তে সত্য স্টুডিয়োয় চলছে নতুন ধারাবাহিক ‘শুধু তোমারই জন্য’-এর শুটিং। সেই ধারাবাহিকের পরিচালক অনুপম হরি। তিনি বললেন, “অনেক ক্ষেত্রেই আমাদের হাতে কো‌নও উপায় থাকে না। তাই কাজ আমরা সকাল থেকে শুরু করেছি। সকলে নিজেদের ‘কলটাইম’ অনুযায়ী এলে, তার পরে আলোচনা করা হবে। তাড়াতাড়ি শুটিং শেষ করে রাহুলকে যেখানেই আনা হোক, সেখানে যাওয়ার চেষ্টা করব সকলে। কিন্তু, কাজও তুলতে হবে, সেই দিকটাও মাথায় রাখতে হচ্ছে।” ওই স্টুডিয়োয় আপাতত এই একটি ধারাবাহিকের শুটিংই চলছে।

তবে তারাতলার কাছে ‘ভিলাইন’ স্টুডিয়োয় চলে তিনটি ধারাবাহিকের শুটিং। ‘কুসুম’, ‘মিলন হবে কত দিনে’, ‘সাত পাকে বাঁধা’ এই তিন ধারাবাহিকের শুটিং। ‘কুসুম’ এবং ‘মিলন হবে কত দিনে’ এই দুই কাহিনির শুটিং স্বাভাবিক ভাবেই চলছে সকাল থেকে। অন্য দিকে, ‘সাত পাকে বাঁধা’র আউটডোর শুটিং চলছে শান্তিনিকেতনে। ২ এপ্রিল শহরে ফিরবেন তাঁরা।

এনটি ওয়ান স্টুডিয়োয় চলছে বেশ কিছু ধারাবাহিকের শুটিং। সদ্য শুরু হয়েছে ‘গঙ্গা’ ধারাবাহিক। যেখানে ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা সাহেব ভট্টাচার্যকে। এ ছাড়াও রয়েছেন মানসী সেনগুপ্ত-সহ আরও অনেকে। মানসী বললেন, “আমাদের শুটিং চলছে সকাল থেকেই।” ব্যাঙ্কিংয়ের চাপের জন্য ছুটি নেওয়া সম্ভব নয়। সেই স্টুডিয়োয় চলে ‘আনন্দী’, ‘ভালবাসার রং রুট’ ধারাবাহিকের শুটিংও। অন্য দিকে, টেকনিশিয়ান স্টুডিয়োয় শুটিং হয় ‘জোয়ার ভাঁটা’ এবং ‘প্রতিজ্ঞা’, ‘কম্পাস’ ধারাবাহিকের। এ দিন ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকের শুটিং যদিও ছিল না। তবে বাকি দুই ধারাবাহিকের শুটিং চলছে সকাল থেকেই। ‘জোয়ার ভাঁটা’র আরাত্রিকা মাইতি বলেন, “আমাদের ব্যাঙ্কিং নেই। এখন ৪৫ মিনিট দেখানো হয় আমাদের ধারাবাহিক, তাই চাপও বেশি। ফলে শুটিং বন্ধ হয়নি।”

চিত্রায়ন স্টুডিয়োয় এই মুহূর্তে একটি ধারাবাহিকেরই শুটিং হয়। সেই ধারাবাহিকের নাম ‘বৃন্দাবন বিলাসিনী’। কাহিনির নায়িকা সুদীপ্তা রায় বললেন, “ ধারাবাহিকের শুটিং চলছে সকাল থেকে। কানাঘুষো শুনছিলাম হয়তো তাড়াতাড়ি প্যাকআপ করে দেওয়া হতে পারে। কিন্তু চূড়ান্ত কিছু জানানো হয়নি।” আর পার্পল স্টুডিয়োয় আপাতত ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকের শুটিং হওয়ার কথা। কিন্তু এই দিন শুটিং নেই তাঁদের। ‘দিদি নম্বর ১’ এবং ‘সারেগামাপা’, ‘রান্নাঘর’-এর শুটিং সোমবার নেই। ফলে এই মুহূর্তে রাজারহাটের ‘ডিআরআর’ স্টুডিয়োয় কোনও শুটিং চলছে না।

অন্য দিকে, সোমবার ‘বিবি পায়রা’ ছবির একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল। রাহুলের মৃত্যুর সংবাদ পৌঁছোতেই রবিবারই সেই অনুষ্ঠান বাতিলের কথা ঘোষণা করা হয়েছে।

Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy