Advertisement
E-Paper

‘জাত তুলে অপমান!’ পলাশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্মৃতির শৈশবের বন্ধুর, ঘটনা কী?

সম্প্রতি খবর ছ়ড়ায়, স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের সম্পর্ক নাকি জোড়া লাগতে চলেছে। কিন্তু এর মধ্যেই ফের বিতর্ক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ১৯:৫০
পলাশের বিরুদ্ধে স্মৃতির বন্ধুর অভিযোগ!

পলাশের বিরুদ্ধে স্মৃতির বন্ধুর অভিযোগ! ছবি: সংগৃহীত।

গত বছর ভেঙে যায় বিয়ে। সম্প্রতি খবর ছ়ড়ায়, স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের সম্পর্ক নাকি ফের জোড়া লাগতে চলেছে। কিন্তু এর মধ্যেই ফের বিতর্ক। এ বার স্মৃতি মন্ধানার শৈশবের বন্ধু অভিযোগ দায়ের করলেন পলাশের বিরুদ্ধে। বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি।

স্মৃতি মহারাষ্ট্রের সাঙ্গলীতে বড় হয়েছেন। সেই এলাকায় তাঁর বন্ধু বিদন্যান মানের অভিযোগ, পলাশ মুচ্ছল নাকি তাঁকে জাতপাতের নামে গালিগালাজ করেছিলেন। তফসিলি জাতির মানুষ বিদন্যান। তিনি সুরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ২০২৫ সালের ২২ নভেম্বরের ঘটনা। সাঙ্গলী-আস্থা রো়ডের টোল প্লাজ়ার কাছে নাকি এই ঘটনা ঘটে। সেখানেই জাত তুলে নাকি বিদন্যান মানেকে কুকথা শুনিয়েছিলেন পলাশ।

বিদন্যান এর আগেও অভিযোগ করেছিলেন, তাঁর থেকে পলাশ নাকি ছবি প্রযোজনা করার জন্য ২৫ লক্ষ টাকা ধার নিয়েছেন। সেই টাকা নাকি বার বার ফেরত চেয়েও পাচ্ছিলেন না বিদন্যান। অবশেষে ২২ নভেম্বর তর্কাতর্কি শুরু হয়ে যায়। সেই সময়েই নাকি তাঁকে জাত তুলে গালাগাল করা হয়।

এর আগেও বিদন্যান অভিযোগ এনেছিলেন পলাশের বিরুদ্ধে। তাঁর দাবি, পলাশ নাকি তাঁর সঙ্গে ৪০ লক্ষ টাকার প্রতারণাও করেছেন। তার পরে পলাশ মানহানির মামলা দায়ের করেন স্মৃতির বন্ধুর বিরুদ্ধে। তবে নতুন করে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পরে আর কোনও বিবৃতি দেননি পলাশ।

উল্লেখ্য, ২০২৫-এর নভেম্বরে চার হাত এক হওয়ার কথা ছিল স্মৃতি-পলাশের। বিয়ের সকালে গায়েহলুদও সারা হয়ে গিয়েছিল। বিকেলে, বিয়ের কয়েক ঘণ্টা আগে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন স্মৃতির বাবা। হাসপাতালে যেতে হয় পলাশকেও। এর পরেই পলাশের বিরুদ্ধে ওঠে প্রতারণার অভিযোগ। দীর্ঘ জলঘোলার পরে সেই বিয়ে থেকে বেরিয়ে আসেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার স্মৃতি। সম্প্রতি একটি ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যায়, স্মৃতির বাবার সঙ্গে সাক্ষাৎ করছেন পলাশের দিদি পলক ও তাঁর স্বামী মিঠুন। তার পরেই জল্পনা তৈরি হয়, ফের কি সম্পর্কে জোড়া লাগছে? যদিও তা নিয়ে আরও কোনও মন্তব্য করেননি স্মৃতি বা পলাশ কেউই।

Smriti Mandhana Palash Muchhal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy