তাঁর রূপের অনুরাগী আজও অসংখ্য। নব্বইয়ের দশকে তিনি সাড়া ফেলেছিলেন। তবে একসময় তাঁকে চেহারার জন্য কটাক্ষের শিকার হতে হয়েছিল। চেহারার গড়নের জন্য নানা রকমের তির্যক মন্তব্য শুনেছিলেন। এক সাক্ষাৎকারে জানান সোনালি বেন্দ্রে নিজেই।
শরীরের গড়ন বরাবরই ছিপছিপে তাঁর এবং তিনি দীর্ঘাঙ্গী। পরে এর জন্য প্রশংসা পেলেও, স্কুলে এই একই কারণে কুকথা শুনতেন। কেউ ডাকতেন জিরাফ বলে, কেউ কেউ আবার তাঁকে ‘ল্যাম্পপোস্ট’-এর সঙ্গে তুলনা করতেন। সাক্ষাৎকারে সোনালিকে প্রশ্ন করা হয়,, তিনি জীবনে কেমন প্রশংসা পেয়েছেন? উত্তরে সোনালি বলেন, “প্রশংসা? খুব কমই পেয়েছি। এখন আমি বহু প্রশংসা পেয়ে থাকি। কিন্তু একসময় বহু বাজে কথা শুনতাম। আমার পিছনেও লাগা হত খুব। এখন সবাই আমার চেহারার গ়ড়নের প্রশংসা করেন। কিন্তু আমি একসময় খুব রোগা ছিলাম। তাই নানা কথা শুনতে হয়েছে।”
আরও পড়ুন:
সোনালি আরও বলে চলেন, “আমাকে ল্যাম্পপোস্ট বলত অনেকে। কেউ কেউ জিরাফ বলে ডাকত। কারণ, আমার গলা বেশ লম্বা ছিল। এখন আবার সবাই সেই লম্বা গলাই পছন্দ করে। কিন্তু স্কুল-কলেজে এই কারণেই আমাকে নিয়ে মশকরা করা হত। তবে আমার কিছু যেত আসত না এর জন্য। আমিও মজা হিসাবেই বিষয়টা নিতাম।”
স্কুলে ছেলেদের মধ্যে নয়, শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে খুব জনপ্রিয় ছিলেন সোনালি। কলেজে পড়ার পরে মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী। পরে অভিনয়ে আসেন। তাঁর প্রথম ছবি ছিল গোবিন্দের বিপরীতে ‘আগ’। এর পরে ‘দিলজলে’, ‘ডুপ্লিকেট’, ‘জ়খম’, ‘সরফরোশ’-এর মতো ছবিতে অভিনয় করেন তিনি।