Advertisement
E-Paper

প্রেম দিবসে নতুন প্রেমের ঘোষণা! তমন্না অতীত, ফাতিমাও নয়, বিজয়ের জীবনে এলেন কোন নারী?

তৃতীয় এক নারীকে নিয়ে বিশেষ ইঙ্গিত দিলেন বিজয় বর্মা। প্রেম দিবসে জানিয়ে দিলেন, এই নারীই তাঁর সারা জীবনের সঙ্গী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২০
তমন্না ও ফাতিমার পরে বিজয়ের জীবনে এলেন নতুন নারী!

তমন্না ও ফাতিমার পরে বিজয়ের জীবনে এলেন নতুন নারী! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

তমন্না ভাটিয়ার সঙ্গে বিচ্ছেদ হয়েছিল ২০২৪ সালে। বিয়েতে আপত্তি বলেই নাকি পিছিয়ে এসেছিলেন বিজয় বর্মা। তার পরে ফাতিমা সনা শেখের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল তাঁর। তবে সেই গুঞ্জনে আজও সিলমোহর পড়েনি। এর মধ্যেই তৃতীয় এক নারীকে নিয়ে বিশেষ ইঙ্গিত দিলেন বিজয় বর্মা। প্রেম দিবসে জানিয়ে দিলেন, এই নারীই তাঁর সারা জীবনের সঙ্গী।

ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি ভাগ করে নেন বিজয়। দেখা যায়, এক নারীর হাত ধরে আছেন বিজয়। অভিনেতা লিখেছেন, “আমার আজীবনের সঙ্গীকে প্রেম দিবসের শুভেচ্ছা।” প্রেম দিবসে এমন ঘোষণা দেখে অবাক বিজয়ের অনুরাগীরা। ছবিতে খুশি আহুজা নামে একজনকে ‘ট্যাগ’ করেছেন বিজয়। এই খুশিই কি তবে বিজয়ের প্রেমিকা?

যে হ্যান্ডলটিকে ‘ট্যাগ’ করেছেন অভিনেতা, তা খুলে দেখতেই চোখ চড়কগাছ হয়ে যায় নেটাগরিকের। এটি কি আদৌ কোনও মহিলার অ্যাকাউন্ট? প্রশ্ন তুলতে থাকেন অনুরাগীরা। অ্যাকাউন্টে নেই কোনও ছবি। শুধু রয়েছে ‘মির্জ়াপুর’ সিরিজ়ের চরিত্র ‘লিলিপুট’-এর একটি ছবি। সঙ্গে লেখা, “বোকা বানালাম।”

প্রেম দিবসে কেন হঠাৎ এমন ‘দুষ্টুমি’ করলেন বিজয়, সেই কারণও খুঁজছেন অনুরাগীরা।

উল্লেখ্য, ২০২২ সালে ‘লাস্ট স্টোরিজ় ২’ ছবির সেট থেকে বিজয় ও তমন্নার প্রেম শুরু। প্রেম নিয়ে কোনও রাখঢাক করতেন না তাঁরা। তবে শোনা যায়, তমন্না বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন। বিজয় প্রস্তুত ছিলেন না। সেখান থেকেই দূরত্ব তৈরি হয় দু’জনের মধ্যে। এর পরে ফাতিমার সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়ায় তাঁর। তমন্না যদিও এখনও সম্পর্কে একাকী রয়ে গিয়েছেন।

Vijay Varma Tamannaah Bhatia Fatima Sana Shaikh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy