এক সপ্তাহে অনেক কিছু হয়ে গিয়েছে স্টুডিয়োপাড়ায়। কর্মবিরতির কারণে মঙ্গলবার কোনও ধারাবাহিকের শুটিং হয়নি। ফলে অনেকে ধরেই নিয়েছিলেন, এই সপ্তাহে হয়তো টিআরপি তালিকা পাওয়া যাবে না। কিন্তু সময়মতো হাজির সাপ্তাহিক নম্বরের তালিকা। এ বারের তালিকায় রয়েছে অনেক বদল। ধীরে ধীরে উপরে উঠে এসেছে ‘তারে ধরি ধরি মনে করি’।
এ সপ্তাহে সব ধারাবাহিকের নম্বরই অন্যান্য সপ্তাহের তুলনায় কম এসেছে। প্রথম স্থানে থাকা দুটি ধারাবাহিকের নম্বর ৫.৭। সাধারণত, অন্য সপ্তাহে প্রথম স্থানে থাকা ধারাবাহিকগুলো এর চেয়ে অনেক বেশি নম্বর পায়। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর প্রভাব যেমন পড়েছে টলিপাড়ায়। তেমনই রাজ্যে এখন ভোটের আবহ। ফলে, সন্ধ্যাবেলা মধ্যবিত্ত বাঙালির ড্রইংরুমে রাজনীতির খবর দেখার আগ্রহই আপাতত বেশি। সেই সঙ্গে আবার চলছে ‘আইপিএল’-ও। এই মরসুমে ধারাবাহিক যে কিছুটা পিছিয়ে পড়বে, তা আন্দাজ করা যায়।
চলতি সপ্তাহে প্রথম স্থানে ‘তারে ধরি ধরি মনে করি’ ছাড়াও রয়েছে ‘পরিণীতা’। এত কিছুর পরেও রায়ান-পারুল নিজেদের জায়গা ধরে রাখতে সফল। তারাও পেয়েছে ৫.৭। দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। গত কয়েক মাস ধরে রায়ান-পারুল এবং পরশুরাম-তটিনী—দুটি জুটির হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সেই তালিকায় নতুন সংযোজন হল ‘তারে ধরি ধরি মনে করি’র গোরা-রূপমঞ্জরী। তবে এই সপ্তাহে পরশুরামের প্রাপ্ত নম্বর ৫.৬। তৃতীয় স্থানে রয়েছে ‘জোয়ার ভাঁটা’। তাদের প্রাপ্ত নম্বর ৫.৫।
রণিতা দাস এবং বিশ্বজিৎ ঘোষ অভিনীত ধারাবাহিকের নাম ‘ও মোর দরদিয়া’। বেশ কিছু সপ্তাহ ধরে তারাও দর্শকের পছন্দের তালিকায় নিজেদের জায়গা করে নিয়েছে। এই সপ্তাহে তারা পেয়েছে ৫.২। আর পঞ্চম স্থানে রয়েছে দুটি ধারাবাহিক। ৫.০ পেয়ে ‘কুসুম’ এবং ‘রাঙামতি তীরন্দাজ’ রয়েছে পাঁচ নম্বরে।