পশ্চিমি দুনিয়ায় এখন ‘ফ্রোজ়েন ইয়োগার্ট’ বা নানাবিধ ‘ফ্রোজ়েন ডেসার্ট’ নিয়ে তুমুল মাতামাতি। আইসক্রিমের চেয়ে কম ফ্যাট আর স্বাস্থ্যের কথা মাথায় রেখে বিশ্ব জুড়ে এটি বেশ জনপ্রিয় হচ্ছে। তবে স্বাদ যেমনই হোক, এই ধরনের জমাট বাঁধা মিষ্টি কতটা স্বাস্থ্যকর, তা নিয়ে সংশয় থেকেই যায়। ফ্রোজ়েন ডেসার্ট আরও লোভনীয় দেখাতে কৃত্রিম রং ও স্বাদের প্রয়োগ তো হয়ই, তা সংরক্ষণের জন্য প্রিজ়ারভেটিভও মেশানো হয়। কাজেই কৃত্রিম মিষ্টি নয়, বাঙালির হেঁশেলে ফ্রোজ়েন ডেসার্ট বানানো যাবে দই দিয়েই।
কলকাতায় বরফ-বিলাস সাহেবদের হাত ধরেই এসেছে। আইসক্রিমের সঙ্গে যতদিন পরিচিতি ঘটেনি, ততদিন বাঙালি বাড়িতে তীব্র গরমে পেট ঠান্ডা রাখার উপায়ই ছিল ঘরে পাতা সাদা দই ও চিনি দিয়ে দইয়ের ঘোল। তার সঙ্গে যথাযোগ্য সঙ্গত করেছে নানা ধরনের শরবত। এখন পশ্চিমের নানা দেশে নানা স্বাদের দই দিয়ে তৈরি হচ্ছে ফ্রোজ়েন ইয়োগার্ট। অথচ ঘরে পাতা বা কেনা সাদা দই দিয়েই তা বানিয়ে নেওয়া যায় সহজে। ছোটরাও তা খেতে পারে নিশ্চিন্তেই। রইল তেমনই কিছু রেসিপি।
আমের ফ্রোজ়েন দই
আমের ফ্রোজ়েন দই।
একটি পাত্রে এক কাপের মতো জল ঝরানো টক দই, আমের শাঁস ও ৩-৪ চামচ মধু মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন। ব্লেন্ডারেও পেস্ট করে নিতে পারেন, যাতে কোনও দলা না থাকে। মিশ্রণটিতে সামান্য এলাচগুঁড়ো মিশিয়ে দিন। সেই আইসক্রিম মোল্ডে বা ছোট কাপে ঢেলে কাঠি গুঁজে ফ্রিজে ৬-৭ ঘণ্টা রেখে দিলেই তৈরি হয়ে যাবে স্বাস্থ্যকর আমের মিষ্টি।
বেরি অ্যান্ড নাট ফ্রোজ়েন ইয়োগার্ট বার
বেরি অ্যান্ড নাট ফ্রোজ়েন ইয়োগার্ট বার
বেরি এখানে সহজলভ্য নয়। তাই বেদানা দিয়েই বানানো যাবে খাবারটি। দেড় কাপের মতো দইয়ের সঙ্গে ৩ চামচ মধু, কুচোনো কাঠবাদাম ও পেস্তা, কিশমিশ এবং বেদানা মিশিয়ে দিন। মিশ্রণটি ফেটিয়ে নিয়ে তাতে আধ চামচের মতো ভ্যানিলা এসেন্স মেশান। একটি ট্রে-তে বা বেকিং ডিশে বাটার পেপার বিছিয়ে তার উপর দইয়ের মিশ্রণ পুরু করে ঢেলে উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুট সুন্দর করে সাজিয়ে দিন। সেটি ফ্রিজে সারা রাত রেখে দিন। বার করে চারকোনা টুকরো করে চকোলেট বারের মতো কেটে নিন।
চকো-দই স্মুদি পপ্স
চকো-দই স্মুদি পপ্স
ব্লেন্ডারে ১টি পাকা কলা, ২ চামচ কোকো পাউডার, এক কাপ দই এবং ২ চামচ মধু একসঙ্গে দিয়ে একটি ঘন স্মুদি তৈরি করে নিন। কলা থাকার কারণে এটি এমনিতেই মিষ্টি হবে, তাই আনাদা করে চিনি দেওয়ার দরকার নেই। এ বার এই মিশ্রণটি কুলফি বা আইসক্রিমের ছাঁচে ঢেলে সারারাত ফ্রিজে রেখে দিন। আইসক্রিমের বিকল্প হিসেবে ছোটরাও এটি খেতে পছন্দ করবে।