Advertisement
E-Paper

রাজকীয় কেশর-বাদাম না পেস্তা কুলার, গরমে প্রাণ জুড়োবে, পু্ষ্টিও হবে বাদামের শরবতে

গরমের সময়ে পুষ্টির ঘাটতি সবচেয়ে বেশি হয়। তাই এমন কিছু খেতে হবে যা শরীরে জল ও খনিজ উপাদানের ভারসাম্য বজায় রাখে আবার পুষ্টির জোগানও দেয়। সে জন্য বাদাম খাওয়া যেতে পারে। কাজু, পেস্তা, আখরোট বা কাঠবাদাম যা-ই খান না কেন, তা দিয়ে সুস্বাদু শরবত বানিয়ে নিতে পারেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১৪:৫৩
Nutty delights, refreshing Nut-Based drinks to beat the heat

গরমে শরীর ভাল রাখবে বাদামের শরবত, রইল কিছু রেসিপি। ছবি: ফ্রিপিক।

টুকটাক মুখ চালানোর জন্য ভাল। আবার স্বাস্থ্যের জন্যও উপকারী। স্বাস্থ্যকর ফ্যাট বলতে যা বোঝায়, তাতে বাদামের নামই আগে আসে। এতে যেমন ক্যালশিয়াম, ম্যাগনেশিয়ামের মতো খনিজগুলি ঠাসা থাকে, ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডও থাকে। কাজু, পেস্তা, কাঠবাদাম বা আখরোট, বাদামের ধরন অনেক। গুণও একেকটির একেক রকম। বাদাম খেলে যেমন পু্ষ্টি হয়, শক্তি বাড়ে, তেমন বুদ্ধিও খোলে। স্মৃতিশক্তি বৃদ্ধিতে বাদামের উপকারিতার কথা অনেকেই বলেন। গরমের সময়ে পুষ্টির ঘাটতি এমনিতেও বেশি হয়। এ সময়ে তাই নরম পানীয় বা রাস্তায় বিক্রি হওয়া লস্যি-শরবতের উপর ভরসা না করে বরং বাড়িতেই বানিয়ে নিতে পারেন নানা রকম বাদামের শরবত। রইল কিছু রেসিপি।

কেশর-বাদামের শরবত

ভেজানো কাঠবাদাম ১০-১২টি নিতে হবে। আগের দিন রাতে বাদাম ভিজিয়ে রাখলে ভাল হয়। ভেজানো বাদাম খোসা ছাড়িয়ে অল্প দুধ দিয়ে ব্লেন্ড করে নিন। এ বার যত জনের জন্য বানাবেন, সে হিসাবে দুধ নিয়ে ঘন করে জ্বাল দিয়ে নিন। তাতে কাঠবাদাম বাটা, সামান্য কেশর ও এলাচ দিয়ে ফুটিয়ে নিন। ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।

গরমে পুষ্টি জোগাবে, পেট ঠান্ডা রাখবে বাদামের শরবত।

গরমে পুষ্টি জোগাবে, পেট ঠান্ডা রাখবে বাদামের শরবত। ছবি: ফ্রিপিক।

পেস্তা কুলার

পেস্তা সারা রাত ভিজিয়ে রেখে বেটে নিন। এতে ঠান্ডা জল বা দুধ মিশিয়ে মৌরি গুঁড়ো ও চিনি দিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন। চিনি না খেলে বদলে মধু বা মিছরি ব্যবহার করতে পারেন। গ্লাসে ঢেলে বরফ দিয়ে পরিবেশন করুন।

পেস্তা কুলার, আখরোটের শরবত।

পেস্তা কুলার, আখরোটের শরবত। ছবি: ফ্রিপিক।

কাজু ও ডাবের জলের শরবত

৮ থেকে ১০টি কাজুবাদাম ঘণ্টাখানেক ভিজিয়ে রেখে ডাবের জলের সঙ্গে ব্লেন্ড করে নিন। যে পরিমাণে বানাতে চান, সেই মতো কাজু বাদাম ও ডাবের জল নিতে হবে। ব্লেন্ড করার পরে গ্লাসে ঢেলে উপরে ডাবের শাঁস কুচি করে ছড়িয়ে পরিবেশন করুন।

গরমে নরম পানীয় নয়, বিকল্প হতে পারে সুস্বাদু বাদামের শরবত।

গরমে নরম পানীয় নয়, বিকল্প হতে পারে সুস্বাদু বাদামের শরবত। ছবি: ফ্রিপিক।

আখরোট ও কলার এনার্জি ড্রিঙ্ক

৫-৬টি আখরোট, সঙ্গে একটি পাকা কলা নিয়ে নিন। আখরোট ও কলা একসঙ্গে মিক্সিতে ব্লেন্ড করে নিন। ঘন মিশ্রণ তৈরি হলে তাতে দুধ ও দারচিনির গুঁড়ো মিশিয়ে আরও একবার ব্লেন্ড করুন। সকালের জলখাবারের জন্যও ভাল এই শরবত।

কাঠবাদাম ও তরমুজের কুলার

গরমের দিনে পেট ঠান্ডা রাখবে এই শরবত। খেলে ক্লান্তি কাটবে, শরীর চাঙ্গা থাকবে। এটি বানাতে প্রথমে ১০-১২টি কাঠবাদাম জলে ভিজিয়ে রাখুন। রাতে ভিজিয়ে রাখলে ভাল হয়, না হলে ঘণ্টা খানেক ভেজাতে হবে। ভিজিয়ে রাখা বাদামের খোসা ছাড়িয়ে ভাল করে বেটে নিন। এর পর এর সঙ্গে জল বা দুধ মিশিয়ে তাতে ছোট ছোট করে কাটা তরমুজের টুকরো দিয়ে আবারও ব্লেন্ড করুন। ছেঁকে নিয়ে উপরে পেস্তা ও তরমুজের কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

Nuts Almond Milk Summer Drinks
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy