Advertisement
E-Paper

নীলপুজোর ব্রত পালনের সঠিক নিয়ম কী? কোন উপায়ে শিবলিঙ্গের অভিষেক করতে হয়? খোঁজ দিলেন জ্যোতিষী

ভোলেবাবা যে ভক্তের কথা শোনেন না তা একদমই নয়। তবে সঠিক নিয়ম মেনে তাঁর উপাসনা করা আবশ্যিক। নীলপুজোর ব্রত পালনের সঠিক উপায়গুলি জেনে নিন।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ০৯:১১
shiv

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

নীলষষ্ঠী মানেই শিবমন্দিরে উপচে পড়া মায়েদের ভিড়। এই ব্রত পালনে সন্তানের মঙ্গল সাধিত হয় বলে বিশ্বাস। চলতি বছর ১৩ এপ্রিল, সোমবার পালিত হবে নীলষষ্ঠীর ব্রত। নীলপুজো ঘিরে নানা পৌরাণিক কাহিনির উল্লেখ পাওয়া যায়। বিশেষ এই দিনে মায়েরা নির্জলা উপবাস রেখে শিবের মাথায় জল ঢালেন। মনে বিশ্বাস রাখেন যে, মহাদেব তাঁদের সন্তানকে সফলতার শীর্ষে নিয়ে যাবেন এবং কোনও বিপদ কাছে ঘেঁষতে দেবেন না। ভোলেবাবা যে ভক্তের কথা শোনেন না তা একদমই নয়। তবে সঠিক নিয়ম মেনে তাঁর উপাসনা করা আবশ্যিক। নীলপুজোর ব্রত পালনের সঠিক উপায়গুলি জেনে নিন।

নীলপুজোর ব্রত পালনের সঠিক নিয়ম:

১. স্নান করে শুদ্ধ বসনে নীলপুজোর ব্রত পালন আবশ্যিক। নতুন বস্ত্র পরতে পারলে খুব ভাল হয়। না হলে ধোয়া জামাকাপড়ও পরা যেতে পারে। এ ক্ষেত্রে কালো রঙের পোশাক পরা যাবে না।

Advertisement

২. শিবের পুজোয় বিশেষ কিছু সামগ্রীর প্রয়োজন পড়ে না ঠিকই, তবে বিশেষ কিছু জিনিস বাদে শিবের পুজো অসম্পূর্ণ থেকে যায়। বেলপাতা অবশ্যই রাখতে হবে। ফুলের মধ্যে আকন্দ, ধুতরো, অপরাজিতা প্রভৃতি রাখা যেতে পারে।

৩. তুলসীপাতা, কেতকীফুল, কদমফুল প্রভৃতি শিবপুজোয় ভুলেও ব্যবহার করা যাবে না।

৪. সারা দিন উপবাস রেখে শিবের মাথায় জল ঢালার নিদান রয়েছে। তবে সেটি সম্ভব না হলে সারা দিনে হালকা-পাতলা যেমন- শরবত, ফল, মিষ্টি প্রভৃতি খাওয়া যেতে পারে। আমিষ খাবার এই দিন খাওয়া যাবে না।

৫. শিবলিঙ্গকে প্রথমে পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে হবে। তার পর সেটিকে গঙ্গাজল বা ডাবের জল দিয়ে ধুয়ে দিতে হবে। পঞ্চামৃত ব্যবহারের পর শিবলিঙ্গকে পরিষ্কার করা আবশ্যিক। এ ক্ষেত্রে পূর্বে উল্লিখিত জিনিসগুলি ব্যবহার করা যেতে পারে।

৬. এর পর ফুল এবং বেলপাতা নিবেদন করুন। তিনটি পাতা যুক্ত বেলপাতাই দিতে হবে। তাতে যেন কোনও খুঁত না থাকে সেটিও খেয়াল রাখা জরুরি।

৭. সাদা চন্দন শিবের অতি পছন্দের। তাই সাদা চন্দনও নিবেদন করা যেতে পারে।

৮. নীলপুজোয় নৈবেদ্য হিসাবে কাঁচা আম অবশ্যই দিতে হবে।

৯. সব শেষে মহাদেবের সামনে ঘিয়ের প্রদীপ জ্বেলে ব্রত সম্পন্ন করুন। তবে কেউ যদি সকালেই শিবের মাথায় জল ঢেলে ফেলেন সে ক্ষেত্রে সন্ধ্যায় পুনরায় শুদ্ধ জামাকাপড় পরে শিবের সামনে প্রদীপ জ্বালাতে হবে। কারণ, নীলপুজোর বাতি সন্ধ্যায় জ্বালানোর কথাই বলে শাস্ত্র। সেটি সকালে করলে হবে না।

১০. পুজোর পর প্রথমে প্রসাদ খেয়ে উপবাস ভাঙতে হবে। তার পর সাবু, ফল, মিষ্টি প্রভৃতি খাওয়া যেতে পারে।

Neel Sasthi Astrology Astro Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy