বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর পরে যাঁদের মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাঁদের নাম সব ধরনের তথ্যভান্ডার থেকে বাদ দেওয়ার নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভবিষ্যতে মৃতদের পরিচয় যাতে অপব্যবহার না হয়, তা রুখতে সিদ্ধান্ত।
তিন দিনের বিহার সফর শেষে আজ পূর্ণিয়ায় সীমাঞ্চল (কিষাণগঞ্জ, আরারিয়া, পূর্ণিয়া, কাটিহার, মধেপুরা, সহর্ষ ও সুপৌল) এলাকার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন শাহ। বৈঠকে ইন্দো-নেপাল সীমান্তের সীমাঞ্চল এলাকায় ধারাবাহিক ভাবে হয়ে চলা অনুপ্রবেশ, জনবিন্যাসের পরিবর্তন ও অবৈধ ধর্মস্থানের কাঠামো নির্মাণের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ভবিষ্যতে ভোটার তালিকায় ভুয়ো নাম ওঠা রুখতে এসআইআরের সময়ে যাঁদের বাড়িতে পাওয়া যায়নি, তাঁদের বাড়িতে ফের এক বার সমীক্ষা হবে ওই ভোটারেরা সত্যিই অন্যত্র থাকেন কিনা। এসআইআর তালিকায় যাঁরা মৃত বলে চিহ্নিত তাঁদের নাম আধার তথ্যভান্ডার, তাঁদের নামে থাকা ড্রাইভিং লাইসেন্স, প্যান-ভোটার-রেশন কার্ড বাতিল হয়েছে কি না তা খতিয়ে দেখা হবে। জঙ্গল ও ‘নো ম্যানস ল্যান্ডে’ অবৈধ ঘরবাড়ি বা ধর্মীয় স্থান গড়ে উঠলে দ্রুত সেই স্থান দখলদার মুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ ছাড়া সীমাঞ্চল এলাকায় যে সরকারি-বেসরকারি ও সমবায় ব্যাঙ্ক রয়েছে সেখানে টাকা লেনদেনের সময়ে সঠিক নিয়ম মানা হচ্ছে কি না, বড় অঙ্কের সম্পত্তি ক্রয় বা সন্দেহভাজন সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে নিয়ম মানা হচ্ছে কি না তা সংশ্লিষ্ট জেলাশাসক ও প্রয়োজনে মুখ্যসচিবদের খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন শাহ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)