Advertisement
E-Paper

টুকরো খবর

ছোট হোটেলগুলিতে পানশালা বন্ধ করে দেওয়ার সরকারি সিদ্ধান্তকে সমর্থন জানাল কেরল হাইকোর্ট। গত এপ্রিল মাস থেকে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী পাঁচতারা হোটেল ছাড়া কেরলের বাকি সব হোটেলের পানশালাই বন্ধ হয়ে গিয়েছে। কেরলে মোট ৭৫০টি পানশালা ছিল।

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৪ ০২:২৭

হাইকোর্টের সায়ে কেরলে বন্ধ বেশিরভাগ পানশালা
সংবাদ সংস্থা • কোচি

ছোট হোটেলগুলিতে পানশালা বন্ধ করে দেওয়ার সরকারি সিদ্ধান্তকে সমর্থন জানাল কেরল হাইকোর্ট। গত এপ্রিল মাস থেকে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী পাঁচতারা হোটেল ছাড়া কেরলের বাকি সব হোটেলের পানশালাই বন্ধ হয়ে গিয়েছে। কেরলে মোট ৭৫০টি পানশালা ছিল। সরকার নতুন আবগারি-নীতি ঘোষণা করার পর থেকে ৪১৮টি-ই এপ্রিল থেকে বন্ধ। এর পরেই পানশালা মালিকেরা হাইকোর্টের দ্বারস্থ হন। আজ সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি সিদ্ধান্তকেই আংশিক ভাবে সমর্থন জানাল কেরল হাইকোর্ট। তবে চারতারা হোটেলগুলিকে ছাড় দিয়েছে কোর্ট। আদালতের বক্তব্য, চারতারার সঙ্গে পাঁচতারা হোটেলের সামান্যই তফাত। আর তাই ওই হোটেলগুলিতে পানশালা নিষিদ্ধ করার কোনও মানে হয় না। এর ফলে কেরলে ৩২টি চারতারা পানশালা চালু থাকবে। বন্ধ হবে না রাজ্যের পুরনো ঐতিহ্যবাহী হোটেলগুলির পানশালাও। নয়া আবগারি-নীতির বিরুদ্ধে পানশালা মালিকদের বক্তব্য ছিল, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে রাজ্য সরকার। নতুন নীতির ফলে রাজ্যেরই ক্ষতি হবে। আবগারি ব্যবসা থেকে মোটা অঙ্কের টাকা শুল্ক হিসেবে রাজকোষে ঢুকত। রাজ্যের সেই রোজগারেই এ বার টান পড়বে। কেরল সরকারের বক্তব্য, মদ্যপান কমানোর বিষয়ে রাজ্যবাসীর কাছে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ধাপে ধাপে সেই লক্ষ্যের দিকেই এগোচ্ছে সরকার। তাদের আশা, আগামী ১০ বছরের মধ্যে কেরলে পুরোপুরি নিষিদ্ধ হয়ে যাবে মদ্যপান।

পাঁচ মৎস্যজীবীর মৃত্যুদণ্ড
সংবাদ সংস্থা • চেন্নাই

মাদক পাচারের অভিযোগে পাঁচ ভারতীয় মৎস্যজীবীকে বৃহস্পতিবার মৃত্যুদণ্ড দিল শ্রীলঙ্কার আদালত। পুলিশ সূত্রে খবর, ২০১১ সালে তামিলনাড়ুর ওই পাঁচ মৎস্যজীবীকে গ্রেফতার করে শ্রীলঙ্কার নৌসেনা। তাঁদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে। আদালতের এই রায়ের বিরুদ্ধে ১৪ নভেম্বরের মধ্যে তাঁদের সুপ্রিম কোর্টে আবেদন জানাতে হবে। বিদেশমন্ত্রকের মুখপাত্র সৈয়দ আকবরুদ্দিন জানিয়েছেন, নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হবে। শ্রীলঙ্কার আদালতের নির্দেশ জানাজানি হতে ক্ষোভে ফেটে পড়েন তামিলনাড়ুর মৎস্যজীবীরা। রামেশ্বরমে পথে নেমে ভাঙচুর চালনো হয়েছে। রাস্তা অবরোধ করে বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। রামেশ্বরমের কাছে একটি স্টেশনে প্রায় ৩০০ মিটার রেললাইন উপড়ে ফেলা হয়েছে।

সেনা অভিযানে ব্রাত্য মহিলারা, মত ভারতের
সংবাদ সংস্থা • রাষ্ট্রপুঞ্জ

সেনাবাহিনীর শান্তিরক্ষা অভিযানে মহিলাদের কোনও গুরুত্বপূর্ণ ভূমিকাই থাকতে পারে না রাষ্ট্রপুঞ্জকে জানালেন ভারতের রাষ্ট্রদূত। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ আয়োজিত ‘মহিলা, শান্তি এবং নিরাপত্তা’ শীর্ষক একটি বিতর্কে মহিলা পুলিশ বাহিনী গঠন সমর্থন করলেও সেনার শান্তিরক্ষা অভিযানগুলিতে মহিলাদের উপস্থিতির তীব্র বিরোধিতা করে ভারত। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি ভগবন্ত সিংহ বিষ্ণোই বলেন, “সেনাবাহিনীর শান্তি অভিযানে মহিলাদের যোগ দেওয়া আমরা সমর্থন করি না। মহিলারা যোগ দিলে সেনাবাহিনীর কোনও উপকার হবে না।” যদিও রাষ্ট্রপুঞ্জের হয়ে আফগানিস্তানে শান্তিরক্ষা অভিযানে অবদানের জন্য আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ভারতীয় শক্তিদেবীর কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, “শক্তিদেবীর কাজ অনেক মানুষকে উদ্বুদ্ধ করবে।” ভারতীয় রাষ্ট্রদূত আরও জানান, যুদ্ধ পরিস্থিতিতে সহায় সম্বহীন মহিলারা ভয়ঙ্কর নির্যাতনের শিকার হন।

শিক্ষিকার জরিমানা ৫০ হাজার
সংবাদ সংস্থা • চেন্নাই

এক ছাত্রের গালে চিমটি কাটার অপরাধে চেন্নাইয়ের এক শিক্ষিকাকে ৫০ হাজার টাকা জরিমানা করল হাইকোর্ট। ২০১২ সালের ঘটনা। পড়া না করে স্কুলে আসায় সপ্তম শ্রেণির ছাত্রটির গালে চিমটি কেটেছিলেন ওই শিক্ষিকা। তাতে কেটে গিয়েছিল ছেলেটির গাল। এর পরই রাজ্য মানবাধিকার কমিশনে অভিযোগ জানান ওই পড়ুয়ার মা। যদিও ওই শিক্ষিকা অভিযোগ অস্বীকার করে জানান, তিনি ছেলেটির কান মুলেছিল মাত্র। ২০১৩ সালে মানবাধিকার লঙ্ঘনের দায়ে স্কুলটিকে এক হাজার টাকা জরিমানা করে কমিশন।

ছটের ঘাটে সাপ ধরলেন জওয়ান
সংবাদ সংস্থা • পটনা

ছটপুজোর ঘাটে হঠাৎ বিষাক্ত সাপ দেখে আতঙ্কে পালাতে শুরু করেছিল লোকজন। যে কোনও সময় পদপিষ্ট হয়ে হতাহতের ঘটনা ঘটতে পারত। বৈশালীর হাজিপুরে কোনহারা ঘাটে বিপদ কাটল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (ন্যাশনাল ডিজাস্ট্যার রেসপন্স গ্রুপ) এক জওয়ানের তৎপরতায়। এনডিআরএফ সূত্রে খবর, হাত দিয়েই সাপটিকে ধরে ফেলেন আশিস মালি নামে ওই জওয়ান। তাঁর বাড়ি পশ্চিমবঙ্গে। সাহসিকতার জন্য কম্যান্ডো ট্রেনিংপ্রাপ্ত আশিসবাবুকে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে এনডিআরএফ। বাহিনী সূত্রের খবর, গত সন্ধেয় ছটপুজোর ‘সান্ধ্য অর্ঘ্য’ দিয়ে ফেরার সময় ঘাটের সামনে সাপটিকে দেখা যায়। তাঁদের চিৎকারে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। দ্রুত সেখানে পৌঁছে সাপটিকে ধরে ফেলেন ওই জওয়ান।

নয়া লড়াই চানুর
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি

সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন (আফস্পা) প্রত্যাহারের দাবির সঙ্গে জাতিবিদ্বেষের লড়াইও মিশিয়ে দিলেন ইরম শর্মিলা চানু। তাঁর বক্তব্য, উত্তর-পূর্বের বাসিন্দাদের সঙ্গে দেশের মূল ভূখণ্ডের মানুষের চেহারায় পার্থক্য রয়েছে। উত্তর-পূর্বের বিভিন্ন এলাকায় মোতায়েন জওয়ানদের অধিকাংশ দেশের অন্য প্রান্তে থাকেন। তাঁরা আফস্পাকে মণিপুর তথা উত্তর-পূর্বের মানুষের উপরে অত্যাচারের অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। দিল্লির আদালতে হাজির হওয়ার জন্য আজ রাজধানীতে পৌঁছেছেন চানু।

বাংলাদেশি ধৃত
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি

অবৈধ ভাবে সীমানা পেরিয়ে ভারতে ঢোকার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ। বুধবার রাতে ধুবুরি জেলার দক্ষিণ শালমারা থানার ভারত-বাংলাদেশ সীমানার মশলাবাড়ি গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আব্দুল সামাদ আলি। তাঁর বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার কাছাকাটা থানার কালারচর গ্রামে।

স্কুলশিক্ষক ধৃত
নিজস্ব সংবাদদাতা • আগরতলা

সপ্তম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে স্কুলশিক্ষককে গ্রেফতার করা হয়েছে। দক্ষিণ ত্রিপুরার মেলাঘরে পদ্মিনীনগরের ঘটনা। পুলিশ জানায়, কাল খবর ছড়াতে ক্ষুব্ধ এলাকাবাসী স্কুলে চড়াও হন। মারধর করা হয় অভিযুক্ত ভানুলাল করকে।

স্বচ্ছ ভারত অভিযানে সামিল অমিতাভ বচ্চন। এই অভিযানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বলিউড অভিনেতার প্রশংসা করেছেন। মোদী টুইট করেছেন, “অমিতাভ যখন নিজে হাতে ঝাঁটা তুলে নেন
ও স্বচ্ছ ভারত অভিযানে যোগ দেন, তখন আর কে-ই বা পিছিয়ে থাকতে পারে।” বুধবার মুম্বইয়ে। ছবি: পিটিআই।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy