শ্রম সংস্কার বিল পাশ
সংবাদ সংস্থা • নয়াদিল্লি
সংসদে পাশ হল শ্রম সংস্কার বিল। এর ফলে আয়কর রিটার্ন দেওয়ার ঝক্কি থেকে মুক্তি পাবে অনেক ছোট সংস্থা। পাশাপাশি, চাহিদা অনুযায়ী কর্মী নিয়োগের ক্ষেত্রেও সুবিধা পাবে সংস্থাগুলি। বিলটি রাজ্যসভায় আগেই পাশ হয়েছিল। লোকসভায় কংগ্রেস, তৃণমূল, সিপিএম বিলের বিরোধিতা করলেও আটকানো যায়নি। সরকারের আশ্বাস, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক স্বার্থ বজায় থাকবে।
বিমা বিল পাশে বাধা
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
যত দ্রুত সম্ভব বিমায় বিদেশি লগ্নির বিলটি পাশ করাতে চাইছে নরেন্দ্র মোদী সরকার। নিয়মকানুনের অজুহাত তুলে দেরি করানোর চেষ্টা করছেন বিরোধীরা। এ বিষয়ে একজোট তৃণমূল ও সিপিএম। লোকসভায় পাশ হলেও রাজ্যসভায় বিমা বিল আটকে যাওয়ায় সেটি সিলেক্ট কমিটিতে পাঠানো হয়। অরুণ জেটলি চাইছেন, সিলেক্ট কমিটির রিপোর্ট আসার পরে চলতি শীতকালীন অধিবেশনেই বিল পাশ করাতে।