Advertisement
E-Paper

‘ভারত থেকে সভ্যতাটা শিখে ফিরুন’! ট্রাম্পের বিদেশসচিব রুবিয়োকে ‘উপদেশ’ দিল মুম্বইয়ের ইরানি উপদূতাবাস

দিন কয়েক আগেই ইরানের গোটা সভ্যতাকে ধ্বংস করার হুমকি দিয়েছিলেন তিনি। ওয়াকিবহাল মহলের মতে, ‘সভ্যতা’ শেখানোর তির পরোক্ষ ভাবে ট্রাম্পের দিকেই ছুড়েছে ইরান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১৮:৪৪
Iran tells Marco Rubio to learn civility from Indians as he lands in Delhi

মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো। — ফাইল চিত্র।

চার দিনের সফরে ভারতে এসেছেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো। তাঁর এই সফরকে কটাক্ষ করল ইরান। রুবিয়োর উদ্দেশে উপদেশ, ভারতে এসেছেন। কিছু শিখে যান। এখানে সভ্যতা বিনামূল্যে শেখা যায়।

ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্কের টানাপড়েন এখনও অব্যাহত। দু’দেশের মধ্যে আপাতত সংঘর্ষবিরতি চলছে। চেষ্টা চলছে, চুক্তির মাধ্যমে দু’দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনা। শান্তিচুক্তি নিয়ে আলোচনা হলেও, এখনও পর্যন্ত কোনও রফাসূত্র বার হয়নি। তার মধ্যেই প্রায় প্রতি দিন ইরানকে হুঁশিয়ারি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিন কয়েক আগেই ইরানের গোটা সভ্যতাকে ধ্বংস করার হুমকি দিয়েছিলেন তিনি। ওয়াকিবহাল মহলের মতে, ‘সভ্যতা’ শেখানোর তির পরোক্ষ ভাবে ট্রাম্পের দিকেই ছুড়েছে ইরান।

মুম্বইয়ে স্থিত ইরানের উপদূতাবাসের তরফে শনিবার এক্স পোস্টে মার্কিন বিদেশসচিবকে বার্তা দেওয়া হয়। এক লাইনের পোস্টে তারা লেখে, ‘কিছু তো শিখুন। এখানে বিনামূল্যে সভ্যতা শিখতে পারবেন।’ অনেকের মতে, এখানে ‘সভ্যতা’ শব্দটিকে শিষ্টাচার বোঝাতে ব্যবহার করা হয়েছে।

ইরান-আমেরিকার সংঘর্ষে ভারত প্রথম থেকেই বার বার দাবি করেছে, তারা যুদ্ধের পক্ষে নয়। কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানায় নয়াদিল্লি। একই সঙ্গে, তেহরান এবং ওয়াশিংটনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কৌশলও নিয়েছে তারা। ইরান-আমেরিকা যুদ্ধের কারণে উত্তপ্ত পশ্চিম এশিয়ার পরিস্থিতি। অচলাবস্থা হরমুজ় প্রণালীতে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা হরমুজ় দিয়ে কোনও পণ্যবাহী জাহাজ পার হতে দেবে না। যদিও সুসম্পর্কের সুবাদে বেশ কয়েকটি ভারতীয় জাহাজ পারাপারে ছাড়পত্র দিয়েছে ইরান। অন্য দিকে, আমেরিকাও জানায়, তারা ইরানের কবল থেকে হরমুজ় মুক্ত করবে। সেই টানাপড়েনের মধ্যেই ভারত সফরে আমেরিকার বিদেশসচিব।

শনিবার কলকাতা হয়ে তাঁর ভারত সফর শুরু করেন রুবিয়ো। দুপুরে দিল্লি পৌঁছোন তিনি। তার পরে সেবাতীর্থে ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন রুবিয়ো। সূত্রের খবর, বৈঠকে পশ্চিম এশিয়ার অচলাবস্থা এবং ইরানের প্রসঙ্গও উঠেছে। সেই আবহে রুবিয়োর ভারত সফর নিয়ে খোঁচা দিল ইরান।

US-Iran War Marco Rubio Donald Trump
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy