ভোটের হলফনামায় ইচ্ছাকৃত ভাবে ভুল তথ্য দেওয়ার অপরাধে কর্নাটকের কংগ্রেস বিধায়ক সুব্বা রেড্ডির নির্বাচন বাতিল করল কর্নাটক হাই কোর্ট। নির্বাচনী হলফনামায় অনিয়ম হয়েছে জানিয়ে হাই কোর্ট নির্বাচনকে অবৈধ ঘোষণা করেছে।
২০২৩ সালের বিধানসভা ভোটে চিকাবল্লারপুর জেলার বাগেপল্লি কেন্দ্রে প্রায় ২০ হাজার ভোটে বিজেপি প্রার্থী সি মুনারাজুকে হারিয়েছিলেন সুব্বা। তার আগে ২০১৩ সালে নির্দল প্রার্থী হিসাবে এবং ২০১৮ সালে কংগ্রেস প্রার্থী হিসাবে ওই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন তিনি। এর পরে সুব্বার বিরুদ্ধে ‘সম্পত্তি এবং দায়’ সংক্রান্ত মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ তুলে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মুনিরাজু।
আরও পড়ুন:
সোমবার কর্নাটক হাই কোর্টের বিচারপতি এমজিএস কামালের নেতৃত্বাধীন বেঞ্চ রায় দিয়েছে যে সুব্বা তাঁর মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় মিথ্যা এবং অসম্পূর্ণ তথ্য দিয়েছেন। যার মধ্যে সম্পত্তি এবং দায় গোপন করার অভিযোগ প্রমাণিত হয়েছে। হলফনামায় মিথ্যা তথ্যের উল্লেখ থাকায় ফলে নির্বাচনী বিধি লঙ্ঘন হয়েছে জানিয়ে বিচারপতি কামাল ২০২৩ সালে বাগেপল্লি বিধানসভা কেন্দ্রের নির্বাচনকে বাতিল করার রায় দিয়েছে। এর ফলে সুব্বার বিধায়কপদ খারিজ হবে এবং উপনির্বাচন করতে হবে ওই কেন্দ্রে। কর্নাটক হাই কোর্টের এই রায়ের ফলে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের উপর চাপ বাড়তে পারে বলে মনে করছেন অনেকে।