মৃত্যু পথযাত্রী মায়ের সঙ্গে ছেলের শেষ কথোপকথন ছিল হিন্দি ছবির একটি গান। চিকিৎসকের বর্ণনা করা সেই কাহিনি সাড়া ফেলে দিয়েছিল দেশ জুড়ে। ঘটনাটি ছিল সপ্তাহখানেক আগের। ফের সেই ছেলের ওই একই গান ছড়িয়ে পড়ল নেটমাধ্যমে। তবে এ বার আর পাশে মা ছিলেন না। কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মায়ের। সেই মায়ের প্রতি তাঁর ভালবাসার প্রকাশ ছিল এই গান।
সপ্তাহখানেক আগের ঘটনা। একটি টুইট নেটমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছিল। এক চিকিৎসক টুইটারে লেখেন, মৃত্যুশয্যায় থাকা মাকে জনপ্রিয় গান ‘তেরা মুঝসে হ্যায় পহলে কা নাতা কোই’ গেয়ে শোনাচ্ছেন ছেলে। পরে জানা গিয়েছিল ওই ব্যক্তির নাম সোহম চট্টোপাধ্যায়। গত ১৩ মে তিনি ফেসবুকে মায়ের মৃত্যু সংবাদ দেন। এবং সোমবার ফের আরও একবার মায়ের জন্যই ফের ওই একই গান গান তিনি। এই ভিডিয়োটিও মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে।
ইনস্টাগ্রামে শেয়ার করা ওই ভিডিয়োর নীচে তিনি মাকে হারানোর যন্ত্রণা এবং মায়ের প্রতি তাঁর ভালবাসা ব্যক্ত করেছেন। তিনি লিখেছেন, ‘মা এবং আমি দু’জনেই সুর দিয়ে বাঁধা ছিলাম। সুর দিয়েই আমরা একে অপরের প্রতি শ্রদ্ধা এবং ভালবাসা ব্যক্ত করতাম। তেমন এই গানটাও আমাদের গান ছিল। আমি তোমায় ভালবাসি মা। তোমাকে ছেড়া থাকা খুব কঠিন’।