Advertisement
E-Paper

দিল্লিতে বছরের প্রথম ১৫ দিনে নিখোঁজ ৫০০-র বেশি মহিলা! পুলিশের খাতায় সন্ধানহীনদের মধ্যে রয়েছে ১৪৬ নাবালিকাও

বছরের প্রথম ১৫ দিনে দিল্লিতে নিখোঁজদের মধ্যে ১৯১ জনই নাবালক। অর্থাৎ, গড়ে প্রতিদিন ১৩ জন করে শিশু নিখোঁজ হয়েছে ওই সময়ে। এর মধ্যে ১৪৬ জনই নাবালিকা এবং কিশোরী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৩

ছবি: এআই সহায়তায় প্রণীত।

চলতি বছরের প্রথম ১৫ দিনে দিল্লিতে নিখোঁজ হয়েছেন ৫০০-র বেশি মহিলা। এর মধ্যে ১৪৬ জন নাবালিকা এবং তাতে ১২-১৮ বছর বয়সি কিশোরী রয়েছে ১৩৮ জন। দিল্লি পুলিশের খাতায় এমন তথ্য উঠে এসেছে।

দিল্লি পুলিশের এই পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, ১-১৫ জানুয়ারির মধ্যে দিল্লিতে মোট ৮০৭ জন নিখোঁজ হয়েছেন। তার মধ্যে ৫০৯ জনই মহিলা, যা মোট নিখোঁজের প্রায় দুই তৃতীয়াংশ। অর্থাৎ, ওই সময়ের মধ্যে প্রতিদিন গড় ৫৪ জন করে নিখোঁজ হয়েছেন। এর মধ্যে মহিলাদের নিখোঁজ হওয়ার সংখ্যা দৈনিক গড়ে ৩৪ জন। গত ৩০ জানুয়ারির তথ্য অনুসারে, এই নিখোঁজদের মধ্যে ২৩৫ জনকে খুঁজে পাওয়া গিয়েছে। বাকি ৫৭২ জনের কোনও সন্ধানই মেলেনি।

পিটিআই জানাচ্ছে, বছরের প্রথম ১৫ দিনে দিল্লিতে নিখোঁজদের মধ্যে ১৯১ জনই নাবালক। অর্থাৎ, গড়ে প্রতিদিন ১৩ জন করে শিশু নিখোঁজ হয়েছে ওই সময়ে। এর মধ্যে ১৪৬ জনই নাবালিকা এবং কিশোরী। এই অপ্রাপ্তবয়স্ক নিখোঁজদের মধ্যে ১২-১৮ বছর বয়সি কিশোর-কিশোরী রয়েছে ১৬৯ জন। তাদের মধ্যেও কিশোরীদের সংখ্যাই বেশি। ওই ১৫ দিনের মধ্যে ১২-১৮ বছর বয়সি ১৩৮ জন কিশোরী নিখোঁজ হয়েছেন। বাকি ৩১ জন কিশোর। ৩০ জানুয়ারি পর্যন্ত পুলিশের তথ্য বলছে, ওই নিখোঁজ কিশোর-কিশোরীদের মধ্যে ২৯ জন কিশোরী এবং ১৯ জন কিশোরকে উদ্ধার করা গিয়েছে। বাকি প্রায় ৭১ শতাংশের কোনও সন্ধান মেলেনি।

এই সময়ের মধ্যে ৮-১২ বছর বয়সি ১৩ জন শিশু নিখোঁজ হয়েছে। তার মধ্যে আট জন ছিল ছেলে, পাঁচ জন মেয়ে। ৩০ জানুয়ারি পর্যন্ত হিসাবে, এদের মধ্যে মাত্র তিন জনকে খুঁজে পাওয়া গিয়েছে। এ ছাড়া আট বছরের কম বয়সি শিশুদের মধ্যে ৯ জন নিখোঁজ হয়েছিল ওই সময়ে। তাদের মধ্যে তিন জনকে খুঁজে পাওয়া গিয়েছে। বাকি ছ’জন এখনও নিখোঁজ।

গত বছরে দিল্লিতে মোট ২৪,৫০৮ জন নিখোঁজ হওয়ার খবর মিলেছিল। তার মধ্যে ১৪,৮৭০ জন ছিলেন মহিলা। পুলিশি পরিসংখ্যান অনুসারে, এর মধ্যে ১৫,৪২১ জনকে খুঁজে পাওয়া গেলেও বাকি ৯,০৮৭ জনের কোনও সন্ধান মেলেনি।

Delhi Police Missing Diaries
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy