Advertisement
E-Paper

উত্তরপ্রদেশের নিকি ভাটি হত্যায় নয়া মোড়! অভিযুক্ত শ্বশুরবাড়ির সঙ্গে সমঝোতা করে নিল তরুণীর পরিবার, কোন শর্তে আপস?

প্রসঙ্গত, গত বছরের অগস্টে নিকিকে পণের জন্য পুড়িয়ে মারার অভিযোগ ওঠে। সেই ঘটনা গোটা দেশে শোরগোল ফেলেছিল। নিকির স্বামী বিপিন ভাটিকে পুলিশ গ্রেফতার করেছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১০:১৩
নিকি ভাটি। ফাইল চিত্র।

নিকি ভাটি। ফাইল চিত্র।

উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার বধূ নিকি ভাটি হত্যাকাণ্ডে নয়া মোড়। দীর্ঘ ন’মাস ধরে আইনি লড়াই চালানোর পর অবশেষে অভিযুক্ত শ্বশুরবাড়ির সঙ্গে সমঝোতার পথে হাঁটল নিকির পরিবার। বুধবার সংবাদমাধ্যমে এই সমঝোতার বিষয়টি জানিয়েছেন নিকির বাবা ভিখারি সিংহ নিজেই।

হিন্দুস্তান টাইমস-কে নিকির বাবা জানিয়েছেন যে, তাঁর কন্যার শ্বশুরবাড়ির লোকেরা নাতির নামে সম্পত্তি লিখে দিতে চেয়েছিলেন। সেই শর্তে তাঁরা রাজি হয়েছেন। ভিখারির কথায়, ‘‘হ্যাঁ, আমরা সমঝোতা করেছি। নিকির ছেলের নামে ওরা (শ্বশুরবাড়ি) সম্পত্তি লিখে দিয়েছে।’’ শুধু কি সম্পত্তি লিখে দেওয়ার শর্তেই সমঝোতা করতে রাজি হয়ে গেলেন? সরাসরি এই প্রশ্নের উত্তর দিতে চাননি নিকির বাবা।

তবে সংবাদমাধ্যমকে নিকির বাবা জানিয়েছেন, তাঁর আর এক কন্যা কাঞ্চনের দাম্পত্য জীবনেও শ্বশুরবাড়ির লোকেরা আর হস্তক্ষেপ করবে না। এই শর্তও দেওয়া হয়েছে। সেই শর্তে রাজি হয়েছেন নিকির শ্বশুরবাড়ির লোকেরা। প্রসঙ্গত, নিকি এবং তাঁর বোন কাঞ্চন— দু’জনেরই একই পরিবারে বিয়ে হয়েছিল। নিকির পাশাপাশি কাঞ্চনের উপরেও তাঁর শ্বশুরবাড়ির লোকেরা অত্যাচার চালাতেন বলে অভিযোগ। নিকির মৃত্যুর পর শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসেছিলেন কাঞ্চন। তবে তাঁর বাপের বাড়ির লোকেরা জানিয়েছেন, কাঞ্চন আবার শ্বশুরবাড়ি ফিরে যাবেন। তবে তিনি স্বামীর সঙ্গে দাদরিতে আলাদা থাকবেন। এই শর্তে শ্বশুরবাড়ির লোকেরা রাজি হয়ে গিয়েছেন বলে নিকি এবং কাঞ্চনের বাবার দাবি।

তবে নিকি হত্যামামলা যেমন চলছিল তেমন চলবে বলে জানিয়েছেন সরকারি আইনজীবী। কারণ, নিকির ঘটনায় প্রত্যক্ষদর্শী কাঞ্চন। ১০ জুন এই মামলার পরবর্তী শুনানি। তবে অভিযুক্ত শ্বশুরবাড়ির সঙ্গে নিকির পরিবারের সমঝোতার বিষয়টি পরিচিত, আত্মীয় এবং প্রতিবেশীদের স্তম্ভিত করেছে। প্রসঙ্গত, গত বছরের অগস্টে নিকিকে পণের জন্য পুড়িয়ে মারার অভিযোগ ওঠে। সেই ঘটনা গোটা দেশে শোরগোল ফেলেছিল। নিকির স্বামী বিপিন ভাটিকে পুলিশ গ্রেফতার করেছিল।

Uttar Pradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy