পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বেশ কয়েকটি জঙ্গিঘাঁটিতে হামলা চালায় ভারতীয় বিমানবাহিনী। গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক ঘাঁটি। ভারতের এই প্রত্যাঘাতের পরই সব দেশের জন্য আকাশসীমা বন্ধ করে দিল পাকিস্তান।
পহেলগাঁও হামলার পরই পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করে ভারত। এই হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করে নয়াদিল্লি। পাশাপাশি, পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপও করে ভারত। তার পরেই পাকিস্তানও পাল্টা পদক্ষেপের পথে হাঁটে। ভারতীয় বিমানগুলির জন্য আকাশপথ বন্ধ করে দেয় তারা। তবে মঙ্গলবার মধ্যরাতে ভারতের প্রত্যাঘাতের পর এ বার সব দেশের জন্যই তাদের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ করল পাকিস্তান। ৪৮ ঘণ্টার জন্য আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানিয়েছে ইসলামাবাদ।
পাকিস্তানের বিমান চলাচল কর্তৃপক্ষের জারি করা নির্দেশে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার জন্য পাকিস্তানে ‘নো ফ্লাই জ়োন’ করা হচ্ছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসাবেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। শুধুমাত্র কিছু প্রয়োজনীয় বিমানের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে!
সতর্কতামূলক পদক্ষেপের কথা বললেও পাকিস্তানের ‘প্রতিশোধ’ নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না সামরিক বিশেষজ্ঞেরা। ভারতের প্রত্যাঘাতের কথা স্বীকার করে পাকিস্তান। তবে তাদের দাবি, ভারতের হামলায় বেশ কয়েক জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন। যদিও ভারতের দাবি, পাকিস্তানি সেনাবাহিনীর কোনও পরিকাঠামোয় আঘাত হানা হয়নি। ভারতের হামলার পরেই পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। তিনি জানিয়েছেন, ভারতের এই হামলার পর চুপ থাকবে না পাকিস্তান। যোগ্য জবাব দেওয়া হবে। তার পর থেকেই পাকিস্তানের পাল্টা হামলার সম্ভাবনা নিয়ে সতর্কও ভারতও।
আরও পড়ুন:
সামরিক বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের যে কোনও হামলাকে এখন কেবল প্রতিশোধ হিসাবে নয়, বরং উত্তেজনা বৃদ্ধির পদক্ষেপ হিসাবে ধরা হবে। ‘অপারেশন সিঁদুর’-এর পরই সীমান্তে গোলাবর্ষণের মাত্রা বাড়িয়েছে পাকিস্তান ফৌজ। বুধবার নিয়ন্ত্রণরেখায় (এলওসি) পাক বাহিনীর ধারাবাহিক গোলাবর্ষণে অন্তত ন’জন গ্রামবাসীর মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে। প্রশাসনিক সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে দাবি, পাক গোলাগুলিতে জখম হয়েছেন অন্তত ২৭ জন গ্রামবাসী! সেই আবহেই এ বার সব দেশের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করল পাকিস্তান। অন্য দিকে, পাকিস্তান সীমান্তবর্তী বেশ কয়েকটি বিমানবন্দরে অসামরিক বিমান চলাচল সীমিত করেছে ভারতও। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল জানিয়েছেন, পাকিস্তান অশান্তি বাধানোর চেষ্টা করলে কড়া পদক্ষেপ করবে ভারত।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা