Advertisement
E-Paper

ভুয়ো ডাক্তারের হাতে মৃত্যু অন্তঃসত্ত্বার! তদন্তে বেরোল লাইসেন্সই নেই যোগীরাজ্যের হাসপাতালের

সাংবাদিকের ছদ্মবেশে পুলিশের সামনে আতিক আহমেদ ও তাঁর ভাইকে গুলিতে ঝাঁঝরা করে দেয় তিন দুষ্কৃতী। সেই ভুয়ো সাংবাদিকের পর এ বার যোগীরাজ্যে ধরা পড়ল ভুয়ো ডাক্তার।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৩ ১৮:০৬
representational image

ভুয়ো সাংবাদিকের পর উত্তরপ্রদেশে ভুয়ো চিকিৎসক। — প্রতীকী ছবি।

ভুয়ো সাংবাদিকের পর এ বার ভুয়ো ডাক্তার! যোগীরাজ্যে ধরা পড়ল ভুয়ো চিকিৎসক। তাঁদের হাতে পড়ে মৃত্যু হয় এক অন্তঃসত্ত্বার। তদন্তে জানা গেল, চিকিৎসক সেজে এত দিন কারবার চালিয়ে যাচ্ছিলেন তাঁরা। শুধু তাই নয়, যে হাসপাতালে ভর্তি করে চলছিল চিকিৎসা, তার কোনও লাইসেন্সই নেই!

ফৌজদারি ষড়যন্ত্র এবং জালিয়াতির অভিযোগে উত্তরপ্রদেশের পুলিশ ১২ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে দু’জন নিজেদের চিকিৎসক হিসাবে পরিচয় দিয়ে চিকিৎসা করে বেড়াতেন। কিন্তু এত দিন তা জানতেন না কেউই। বহাল তবিয়তে ভুয়ো ডিগ্রি নিয়ে প্রতারণার কারবার চালিয়ে যাচ্ছিলেন তাঁরা। পুলিশ সূত্রে খবর, গত ১১ এপ্রিল সায়েমা বেগম নামে সন্তানসম্ভবা এক মহিলা ওই হাসপাতালে ভর্তি হন। ১২ এপ্রিল মৃত্যু হয় সায়েমার। পরিবারের সদস্যরা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ হন। তদন্তের নির্দেশ দেন জেলাশাসক। দেখা যায়, নিজেদের চিকিৎসক পরিচয় দিয়ে সায়েমার চিকিৎসা করেছিলেন যে দু’জন, তাঁদের কারও চিকিৎসা করার প্রয়োজনীয় ডিগ্রিই নেই। তার পরে বেরোয়, যে হাসপাতালে সায়েমাকে ভর্তি করে চিকিৎসা করা হচ্ছিল, তারও কোনও বৈধ লাইসেন্স নেই। অর্থাৎ, ডাক্তার এবং হাসপাতাল— দু’টিই ভুয়ো!

পুলিশ হাসপাতালের সঙ্গে যুক্ত ১২ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে রয়েছেন দুই ভুয়ো চিকিৎসকও। পুলিশের অভিযানের সময় ওই ভুয়ো হাসপাতালে যে ক’জন রোগী ভর্তি ছিলেন, তাঁদের তড়িঘড়ি অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তার পরেই হাসপাতালটি সিল করে দেয় প্রশাসন।

বরেলির চিফ মেডিক্যাল অফিসার চিকিৎসক তারান্নুম রাজ়া বলেন, ‘‘যে হাসপাতালে প্রসূতির মৃত্যু হয়েছে, তার কোনও বৈধ কাগজপত্র ছিল না। আমরা ১২ জন অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর করেছিলাম। চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসা করছিলেন যে দু’জন তাঁদের পুলিশের হাতে তুলে দিয়েছি।’’

প্রসঙ্গত, সাংবাদিকের ছদ্মবেশে এসে পুলিশের চোখের সামনে গ্যাংস্টার থেকে রাজনৈতিক নেতা হওয়া আতিক আহমেদ ও তাঁর ভাইকে গুলিতে ঝাঁঝরা করে দেয় তিন দুষ্কৃতী। সেই ভুয়ো সাংবাদিকের পর এ বার যোগীরাজ্যে ধরা পড়ল ভুয়ো ডাক্তার।

fake doctor Uttar Pradesh police Death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy