হঠাৎ অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি করানো হল পঞ্জাবের মুখমন্ত্রী ভগবন্ত মানকে। রবিবারক সন্ধ্যায় মোহালির এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছেন, মানের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীলই রয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মোহালির ওই হাসপাতাল থেকে বিবৃতিতে জানানো হয়, রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্যই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে। তাঁর বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, “তিনি ক্লান্তি অনুভব করছেন। তাঁকে পর্যবেক্ষণে রাখার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁর দেখাশোনা করছে।”
শিবরাত্রি উপলক্ষে রবিবার পঞ্জাবের সাংরুতে গিয়েছিলেন মান। সেখানে রঙ্কেশ্বর শিব মন্দিরে পুজোও দেন তিনি। মানের সঙ্গে ছিলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীওয়ালও। সেখান থেকেই মোহালিতে নিয়ে আসা হয় পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে। সোমবার পঞ্জাবের মোগায় একটি কর্মসূচি রয়েছে মান এবং কেজরীওয়ালের। পঞ্জাবে সম্প্রতি যে মাদকবিরোধী অভিযান চলছে, তা নিয়েই এক কর্মসূচিতে থাকার কথা দু’জনের। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে মান ওই কর্মসূচিতে থাকবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন:
২০২৪ সালে শরীরে ব্যাকটেরিয়ার সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মান। কয়েক দিন হাসপাতালে থাকার পরে ছাড়া পান তিনি। পরে গত বছরের সেপ্টেম্বরেও অত্যাধিক ক্লান্তি এবং হৃদস্পন্দন কমে যাওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয় মানকে। সেই সময় প্রায় এক সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।