লাল-কালো রঙের কাচের বোতল। তাতে ভরা সুগন্ধি। বোতলের উপরে সাইকেল চিহ্ন, আর লেখা ‘সমাজবাদী পার্টি।’ ভোটের আগে ‘সমাজবাদী সুগন্ধি’ এল উত্তরপ্রদেশের বাজারে। আনল সমাজবাদী পার্টি। একেবারে দলীয় সুগন্ধী। গায়ে মেখে প্রচার থেকে জনসংযোগ, আগামী ভোটে সবটাই সারবেন দলের সদস্যরা।
মঙ্গলবার এই বিশেষ সুগন্ধির উদ্বোধন করলেন উত্তরপ্রদেশের কনৌজ বিধান পরিষদের সদস্য পম্মি জৈন। এই সুগন্ধি ২২টি প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি হয়েছে। ২০২২ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এটি বাজারে আনা হয়েছে। কেমন গন্ধ এই সুগন্ধির? জৈন বলছেন, ‘‘সাধারণ মানুষ যখন এটি ব্যবহার করবেন, তখন এর থেকে সমাজবাদের গন্ধ পাবেন।’’ শুধু তাই নয়, এই সুগন্ধির বিষয়ে বলতে গিয়ে জৈন আরও বলেন, ‘‘২০২২ সালে বিদ্বেষের গন্ধ শেষ করবে এই সুগন্ধি।’’
আরও পড়ুন:
যে বাক্সে সুগন্ধিটি ভরা থাকছে, সেটিতে থাকছে অখিলেশ যাদবের একটি ছবি। বাক্সে থাকছে অন্যান্য পার্টি সদস্যদের নামও। অক্টোবর মাসে কানপুর থেকে বিজয় রথযাত্রার মাধ্যমে ২০২২ সালের বিধানসভা ভোটের প্রচার শুরু করেছে সমাজবাদী পার্টি। সেই সময়েই অখিলেশ জানিয়ে দেন, বড় কোনও দলের সঙ্গে জোটে যাবে না তাঁর দল। কারণ তিনি স্পষ্ট বলেন, বিজেপি-র সবচেয়ে বড় শত্রু সমাজবাদী পার্টি আর অন্য কোনও দল নয়।