Advertisement
E-Paper

সরকারি কর্মচারীদের এক বছরের মাতৃত্বকালীন ছুটি দেবে সিকিম সরকার, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

ছুটির সিদ্ধান্ত ঘোষণা করে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাং জানান, সরকারি কর্মচারীরা যাতে তাঁদের সন্তান এবং পরিবারের সঠিক পরিচর্যা করতে পারেন, সেই কারণেই সরকারের এই পদক্ষেপ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৩ ১০:১৪
Sikkim to implement year-long maternity leave for government employees

—প্রতীকী ছবি।

এ বার থেকে এক বছরের মাতৃত্বকালীন ছুটি পাবেন সিকিমের সরকারি কর্মচারীরা। বুধবার সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাং। মহিলাদের পাশাপাশি ছুটি পাবেন পুরুষ কর্মীরাও। তবে পিতৃত্বকালীন ছুটির মেয়াদ থাকছে এক মাস।

বুধবার সিকিমের প্রশাসনিক কৃত্যকদের সংগঠন ‘সিকিম স্টেট সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন’-এর বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী তামাং। সেখানেই তিনি তাঁর সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। ছুটির সিদ্ধান্ত ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, সরকারি কর্মচারীরা যাতে তাঁদের সন্তান এবং পরিবারের সঠিক পরিচর্যা করতে পারেন, সেই কারণেই সরকারের এই পদক্ষেপ। সিকিম রাজ্য প্রশাসন সূত্রে খবর, শীঘ্রই সরকারি কর্মচারীদের জন্য তৈরি বিধিতে এই সংক্রান্ত পরিবর্তন আসতে চলেছে।

১৯৬১ সালের মাতৃত্বকালীন সুবিধা সংক্রান্ত আইনে, মহিলা কর্মীদের ৬ মাস কিংবা ২৬ সপ্তাহের সবেতন ছুটি দেওয়ার কথা বলা হয়েছে। হিমালয়ের কোলে অবস্থিত ছোট রাজ্য সিকিমের জনসংখ্যা মাত্র ৬ লক্ষ ৩২ হাজার। রাজ্যগুলির মধ্যে সব চেয়ে কম জনসংখ্যা সিকিমেই। বুধবারের অনুষ্ঠানে রাজ্যের সরকারি কর্মচারীদের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, “সরকারি কর্মীরা রাজ্য প্রশাসনের মেরুদণ্ড। রাজ্য এবং রাজ্যবাসীর উন্নয়নে তাঁদের ভূমিকা অপরিসীম।” সরকারি কর্মচারীদের পদোন্নতির প্রক্রিয়া আরও সহজ করার আশ্বাস দেন তিনি।

sikkim Maternity Leave
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy