এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর সমন এড়ানোয় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বুধবার ওই মামলার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ইডির উদ্দেশে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “কালই আমরা খবরের কাগজে দেখছিলাম, আপনারা (ইডি) প্রচুর অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগগুলিতে মন দিন, সে দিকে নিজেদের শক্তি খরচ করুন।”
ঝাড়খণ্ডে জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় নাম জড়িয়েছে হেমন্তের। এই মামলায় ২০২৪ সালের জানুয়ারিতে গ্রেফতারও হয়েছিলেন। পাঁচ মাস জেলে কাটানোর পরে জামিনে মুক্তি পেয়েছেন। এখন ইডির অভিযোগ, তদন্তের জন্য বার বার ডাকার পরেও হাজিরা দিচ্ছেন না ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। তা নিয়ে পৃথক ভাবে একটি মামলা দায়ের করছে তারা। ওই মামলা খারিজের দাবিতে আগেই ঝাড়খণ্ড হাই কোর্টের দ্বারস্থ হন হেমন্ত। কিন্তু তাঁর বিরুদ্ধে যায় হাই কোর্টের রায়। পরে ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:
বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। সেখানেই হেমন্তের বিরুদ্ধে ওই মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। একই সঙ্গে মামলা খারিজের আর্জি প্রসঙ্গে ইডি-কে নোটিসও পাঠিয়েছে আদালত। ইডির আইনজীবী সুপ্রিম কোর্টে সওয়াল করেন, হেমন্তকে সাত বার সমন পাঠানো হয়েছিল। কিন্তু তিনি হাজিরা দেননি। অন্য দিকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর আইনজীবী মুকুল রোহাতগির পাল্টা সওয়াল, তাঁর মক্কেল তিন বার গিয়েছিলেন সমন পেয়ে। কিন্তু তাঁকে গ্রেফতার করে নেওয়া হয়েছিল।