মৃত্যু যে কখন কী ভাবে আসবে কেউ বলতে পারে না। ঠিক যেমনটা হয়েছে তেলঙ্গানার হায়দারবাদে এক দুর্ঘটনায়। হায়দরাবাদ-বিজয়ওয়াড়া হাইওয়েতে এক দুর্ঘটনায় মৃত্যু হল আইনজীবীর। পাশ দিয়ে যাচ্ছিল একটি ট্যাঙ্কার। আচমকাই সেটি আইনজীবীর গাড়ির উপর উল্টে পড়ে। তার নীচে চাপা পড়ে পুরো চেপ্টে যায় গাড়িটি। ভিতরে আটকে পড়ে মৃত্যু হয় আইনজীবীর।
বুধবার এই ঘটনাটি ঘটেছে কাঞ্চিকাচারলা এক টোল প্লাজ়ার কাছে। ভয়ানক সেই দৃশ্য প্রকাশ্যে এসেছে। যে ছবি প্রকাশ্যে এসেছে, তা দেখে শিউরে উঠতে হয়। হায়দরাবাদের দিকে যাচ্ছিলেন আইনজীবী বি শ্রীনিবাস রাও। তিনি একাই গাড়িতে ছিলেন। অমরাবতীতে বার কাউন্সিলের ভোট শেষে হায়দরাবাদে ফিরছিলেন। কিন্তু কিসারা টোল প্লাজ়ার কাছে একটি ট্যাঙ্কার আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই সময় ওই ট্যাঙ্কারের পাশ দিয়ে যাচ্ছিল আইনজীবীর গাড়িটি। সেটির উপর এসে পড়ে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ট্যাঙ্কারটি দ্রুতগতিতে আসছিল। সেটি কোনও ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার পরই এই দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে, ট্যাঙ্কারের নীচে গাড়িটি এমন ভাবে চাপা পড়ে গিয়েছিল যে, সেটিকে সরিয়ে গাড়িটি বার করতে দীর্ঘ ক্ষণ সময় লেগে যায়। পরে ট্যাঙ্কারটি তোলার পর আইনজীবী দেহ জেসিবি-র সাহায্যে উদ্ধার করা হয়। তবে টোল প্লাজ়ার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুর্ঘটনার আসল কারণ জানার চেষ্টা চলছে।