Advertisement
E-Paper

মাদকমুক্ত তামিলনাড়ু, তরুণ প্রজন্ম ও মহিলাদের উন্নয়ন! মন্ত্রিসভার প্রথম বৈঠকে কী কী অঙ্গীকার মুখ্যমন্ত্রী বিজয়ের

মুখ্যমন্ত্রীর বার্তার পরই মন্ত্রীরা তাঁদের নিজ নিজ দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসে অ্যাকশন প্ল্যান তৈরি করার প্রস্তুতিও নিচ্ছেন বলে সূত্রের খবর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুন ২০২৬ ১৫:২৭
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। ছবি: পিটিআই।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। ছবি: পিটিআই।

তামিলনাড়ুতে ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ করেছেন তামিলাগা ভেত্রি কাঝাগম (টিভিকে)-এর প্রধান তথা মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। রাজ্যকে উন্নয়নের জোয়ারে ভাসানোর অঙ্গীকার করে এগোনোর বার্তা দিয়েছেন তিনি। শুক্রবারই মন্ত্রিসভার প্রথম বৈঠক করেন বিজয়। সচিবালয়ে এক ঘণ্টারও বেশি সময় বৈঠক হয়। সূত্রের খবর, সেই বৈঠকে রাজ্যের বেশ কিছু সমস্যার প্রসঙ্গ উঠে এসেছে। তার মধ্যে যে বিষয়গুলির উপর বিজয় জোর দিতে চাইছেন, তা হল, রাজ্যকে মাদকমুক্ত করা, তরুণ প্রজন্ম এবং মহিলাদের উন্নয়নে জোর দেওয়া।

বিদ্যুৎমন্ত্রী সিটিআর নির্মল কুমার জানিয়েছেন, বৈঠকে মুখ্যমন্ত্রী ৪৩৬টি নতুন প্রকল্পের কথা জানিয়েছেন। তবে উল্লেখযোগ্য বিষয় হল, তামিলনাড়ুকে মাদকমুক্ত করার অঙ্গীকার করেছেন বিজয়। এ ছাড়াও যে সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে মৎস্যজীবীদের উন্নয়নের বিষয়টিও ছিল। বিদ্যুৎমন্ত্রী বলেন, ‘‘মুখ্যমন্ত্রী বিজয়ের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক হয়ে গেল। এই বৈঠকে ৪৩৬টি প্রকল্প নিয়ে আলোচনা করা হয়েছে। প্রত্যেকটি দফতরের জন্য নির্দিষ্ট দায়িত্ব ও লক্ষ্য ঠিক করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাবে বার্তা দিয়েছেন যে, এই প্রকল্পগুলি ঠিকমতো পরিচালনা করতে হবে। যার যা দায়িত্ব, সেই দায়িত্বও যেন সঠিক ভাবে পালন করা হয়।’’

মুখ্যমন্ত্রীর সেই বার্তার পরই মন্ত্রীরা তাঁদের নিজ নিজ দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসে অ্যাকশন প্ল্যান তৈরি করার প্রস্তুতিও নিচ্ছেন বলে সূত্রের খবর। বিদ্যুৎমন্ত্রীর কথায়, ‘‘প্রতি দফতরের অ্যাকশন প্ল্যান তৈরি হলেই তার পর সেগুলি কী ভাবে কার্যকর করা হবে, তা নিয়েও সবিস্তারে আলোচনা করা হবে শীঘ্রই।’’ রাজ্যকে মাদকমুক্ত করার প্রসঙ্গ উঠতেই মদের দোকান বন্ধের বিষয়টি তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, রাজ্য সরকার পরিচালিত ৭১৭টি মদের দোকান ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। মন্ত্রীর কথায়, ‘‘আমাদের মূল লক্ষ্য হল তামিলনাড়ুকে মাদকমুক্ত করা। গত পাঁচ বছরে যে ভাবে রাজ্যে মাদকপাচার এবং মাদক সরবরাহের ঘটনা বেড়েছে, তা রুখতে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ করতে বলা হয়েছে পুলিশ প্রশাসনকে।’’

শুধু মাদক বা মদ নয়, গুটখা বিক্রিও বন্ধ করা হবে রাজ্যে। সেই পদক্ষেপও করা হয়েছে ইতিমধ্যেই। এক সপ্তাহের মধ্যে মাদুরাইয়ে ২৪টি গুটখা বিক্রির দোকান বন্ধ করা হয়েছে বলে দাবি মন্ত্রীর। তাঁর হুঁশিয়ারি, যাঁরা গুঠখা বিক্রিকে মদত জোগাবেন এবং যাঁরা জড়িত থাকবেন, তাঁদের বিরুদ্ধে গুন্ডা আইনে মামলা রুজু করা হবে।

Tamil Nadu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy