টাকা বরাদ্দ করা হয়েছিল অনেক আগেই। এ বার আগরতলা-আখাউড়া রেল প্রকল্পের জন্য ৫৮০ কোটি টাকা হাতে পেল ভারতীয় রেল বোর্ড। কেন্দ্রীয় ‘ডোনার’ মন্ত্রক এই নির্দেশ জারি করেছে।
ত্রিপুরার পরিবহণ সচিব সমরজিত্ ভৌমিক জানান, আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া রেল স্টেশন পর্যন্ত ১৫ কিলোমিটার রেল লাইন তৈরি করা হবে। ভারতীয় ভূখণ্ডে তৈরি হবে ৫ কিলোমিটার লাইন। বাংলাদেশে ১০ কিলোমিটার। দু’দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বছর দু’য়েক আগে আগরতলা-আখাউড়া রেল প্রকল্পে চূড়ান্ত সিলমোহর মিলেছিল। এত দিন টাকা অভাবে কাজ থম্কে ছিল।
পরিবহণ সচিব জানিয়েছেন, ওই প্রকল্পে বাংলাদেশে ১০ কিলোমিটার রেলপথ তৈরির খরচ দেবে ভারতের বিদেশ মন্ত্রক। ডোনার মন্ত্রক ৫৮০ কোটি টাকা দেবে ত্রিপুরা অংশে ৫ কিলোমিটার রেললাইন নির্মাণের জন্য। ওই প্রকল্পের প্রয়োজনে জমি অধিগ্রহণ বাবদ খরচ হবে ৯৭ কোটি টাকা। ত্রিপুরার মধ্যে এই রেললাইনের পাশপাশি দু’লেনের যে সড়ক তৈরি হবে, তার খরচ ধরা হয়েছে ১৫ কোটি টাকা।
এ দিকে প্রাথমিক ভাবে ঠিক হয়েছিল, ত্রিপুরায় ৫ কিলোমিটার রেলপথ মাটির উপর দিয়ে তৈরি হবে। সে কারণে জমি অধিগ্রহণের পরিমাণ এবং আর্থিক দায়— দু’টিই বেশি বহন করতে হতো। পরে ঠিক হয়, আগরতলা থেকে সীমান্তবর্তী নিশ্চিন্তপুর পর্যন্ত ৩.৭ কিলোমিটার অংশে মাটির উপরে স্তম্ভ তৈরি করে রেললাইন বসানো হবে। বাকি ১.৩ কিলোমিটারে মাটির উপরে থাকবে লাইন। এতে জমি অধিগ্রহণ এবং খরচ অনেকটাই কমে যাবে।