Advertisement
E-Paper

ছোট পোশাক, বিমানে উঠতে বাধা মহিলাকে

হাঁটু সমান পোশাক পরে থাকায় এক মহিলাকে বিমানে উঠতে বাধা দেওয়ার অভিযোগ উঠল বিমান সংস্থা ইন্ডিগোর বিরুদ্ধে। ঘটনা গত সোমবারের। দোহা থেকে কাতার এয়ারওয়েজের উড়ানে মুম্বই পৌঁছেছিলেন ওই মহিলা। ইন্ডিগোর বিমানে দিল্লি যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু অভিযোগ, বিমানে ওঠার সময় ইন্ডিগোর তিন পুরুষ কর্মী তাঁকে বাধা দেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৫ ০৩:২০

হাঁটু সমান পোশাক পরে থাকায় এক মহিলাকে বিমানে উঠতে বাধা দেওয়ার অভিযোগ উঠল বিমান সংস্থা ইন্ডিগোর বিরুদ্ধে। ঘটনা গত সোমবারের। দোহা থেকে কাতার এয়ারওয়েজের উড়ানে মুম্বই পৌঁছেছিলেন ওই মহিলা। ইন্ডিগোর বিমানে দিল্লি যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু অভিযোগ, বিমানে ওঠার সময় ইন্ডিগোর তিন পুরুষ কর্মী তাঁকে বাধা দেন। বিষয়টি নিয়ে হইচই শুরু হওয়ায় ইন্ডিগো কর্তৃপক্ষ অবশ্য একটি বিবৃতি দেন। জানান, ইন্ডিগো কর্মীর আত্মীয় হিসেবে ওই যাত্রী সফর করছিলেন। তাঁর টিকিটে ছাড়ও ছিল। তাই সংস্থার নিয়ম অনুযায়ী, কিছু নীতি মানতে বাধ্য ছিলেন ওই যাত্রী।

তার আগে যদিও গোটা ঘটনাটা ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়ায়। মুম্বই বিমানবন্দরে কী ভাবে এক মহিলা যাত্রীকে হেনস্থার শিকার হতে হয়েছে, তা জানিয়ে ফেসবুকে সরব হন ওই মহিলার এক সহযাত্রী। পুরবী দাস নামের সেই যাত্রী ফেসবুকে লিখেছেন, ‘‘ওই মহিলাকে বিমানে উঠতে দেওয়া হয়নি কারণ, তিনি হাঁটু পর্যন্ত ফ্রক পরেছিলেন। বিমান সংস্থা মনে করেছে, ওই পোশাক বিমান যাত্রার জন্য যথাযথ নয়। অথচ ওই সংস্থারই মহিলা কর্মীরা একই মাপের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছিলেন।’’ ওই যাত্রীর প্রশ্ন, ‘‘ইন্ডিগো কি নীতি পুলিশের কাজ করছিল? নাকি লিঙ্গ বৈষম্যের শিকার ওই মহিলা?’’

ইন্ডিগো কর্তৃপক্ষ গোটা বিষয়টি ব্যাখ্যা করে জানিয়েছেন, এক মহিলা যাত্রীকে হেনস্থার শিকার হতে হয়েছে, তার জন্য তাঁরা দুঃখিত। কিন্তু তাঁদের নীতিতেই আছে কোনও কর্মী বা তাঁর পরিবারের লোকজন যদি ‘স্টাফ লেজার ট্রাভেল প্রিভিলেজেস’-এর আওতায় সফর করেন, সে ক্ষেত্রে কিছু পোশাক নীতি মেনে চলতে হয়। ওই মহিলা যাত্রীর বোন যে হেতু ইন্ডিগোতেই কর্মরত, তাই তিনি টিকিট পিছু কিছু ছাড় বা সুবিধা পাচ্ছিলেন। আর এই সব ক্ষেত্রে সেই যাত্রী বিমান সংস্থার পোশাক নীতি মানতে বাধ্য বলেই জানিয়েছেন ইন্ডিগো কর্তৃপক্ষ।

পরে পোশাক পাল্টিয়ে অন্য বিমান ধরে দিল্লি পৌঁছন ওই মহিলা।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy