যুদ্ধাপরাধী রাজাকারদের বিচার নিয়ে পাকিস্তান তাঁদের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাচ্ছে বলে অভিযোগ করলেন বাংলাদেশের খাদ্যমন্ত্রী মহম্মদ কামরুল ইসলাম। জানালেন, সন্ত্রাসবাদ দমনে ভারতের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে চান। মুক্তিযুদ্ধে ভারতের সেনাদের অবদানের জন্য তিনি কৃতজ্ঞতাও জানান।
১৯৭১-এর যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ১৬ ডিসেম্বর জয় লাভ করে ভারত। এই দিনটি ‘বিজয় দিবস’ হিসেবে পালন করে ভারতীয় সেনা। এ বছর ‘বিজয় দিবস’ উপলক্ষে বাংলাদেশের প্রতিনিধি দলে কলকাতায় এসেছেন কামরুল। বুধবার সেই অনুষ্ঠানের ফাঁকে তিনি বলেন, ‘‘মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি বাহিনীর অনুচর হিসেবে গণহত্যায় যারা নেতৃত্ব দিয়েছিল, তাদের আমরা কাঠগড়ায় তুলেছি। তা নিয়ে পাকিস্তান প্রতিবাদ করছে। এটা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ।’’
এ দিন সকালে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অফিসে জাতীয় পতাকা তোলা হয়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠানে ডেপুটি হাইকমিশনার জকি আহাদ বলেন, ‘‘সে দিনের লড়াইয়ে এ বাংলার মানুষ এবং ভারতের সেনারা যে ত্যাগ স্বীকার করেছিলেন, তার তুলনা হয় না।’’