ভারত এবং বাংলাদেশের মধ্যে ছিটমহল হস্তান্তরের পর নতুন করে ভারতীয় নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরা এ বার ভোটাধিকার পেতে চলেছেন। আজ এই বিলটি লোকসভায় সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। কেন্দ্র আশা করছে চলতি অধিবেশনেই রাজ্যসভায় এই বিলটি পাশ হয়ে গেলে ভোটদানে আর অসুবিধা থাকবে না নতুন নাগরিকদের। কেন্দ্রীয় আইনমন্ত্রী সদানন্দ গৌড়া আজ বলেছেন, ‘‘নির্বাচন কমিশন ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কাজ শুরু করে দিয়েছে। পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনে যাতে বাংলাদেশ থেকে আসা এই মানুষেরা ভোট দিতে পারেন সে জন্য রাজ্য সরকারকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত কেন্দ্র।’’