সকালে অফিস যাওয়ার তাড়া, তার উপর যদি রান্নার গ্যাস বাঁচাতে চান— তা হলে কী করবেন? এই পরিস্থিতিতে ইলেকট্রিক কেটলি হতে পারে সহজ সমাধান। শুধু জল গরম করার জন্য নয়, অল্প কিছু উপকরণ থাকলেই এই একটি যন্ত্রে তৈরি করা যায় নানা ধরনের পেটভরানো খাবার। যা দিয়ে স্বাস্থ্যকর ও সুস্বাদু প্রাতরাশ বানানো যায় নিমেষে।
ইলেকট্রিক কেটলিতে বানানোর জন্য ৫টি প্রাতরাশের সন্ধান—
১. খিচুড়ি: চাল আর ডাল পরিমাণ মতো নিয়ে ফুটিয়ে সেদ্ধ করে খাওয়া যায়। তার সঙ্গে কুচোনো গাজর, কড়াইশুঁটি, বিন্স বা টম্যাটো মিশিয়ে নিতে পারেন। সামান্য নুন, গোলমরিচ বা মশলা দিয়ে কেটলিতে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে হালকা ও পুষ্টিকর খিচুড়ি।
২. ইনস্ট্যান্ট নুডল্স: সবচেয়ে সহজ বিকল্পগুলির একটি। কেটলিতে জল ফুটিয়ে নুড্লস ও মশলা দিয়ে দিন। কয়েক মিনিটেই তৈরি হয়ে যাবে সুস্বাদু প্রাতরাশ। তবে চাইলে এতে ডিম বা সব্জিও মিশিয়ে নিতে পারেন। তাতে খানিক স্বাস্থ্যকর হতে পারে খাবারটি।
নুডল্স থেকে উপমা, সহজেই রান্না হবে কেটলিতে। ছবি: সংগৃহীত
৩. দুধ-ওট্স: ইলেকট্রিক কেটলিতে দুধ ফুটিয়ে নিন। তাতে ওট্স দিয়ে ঢেকে কয়েক মিনিট রেখে দিন। ওট্স ফুলে উঠলেই খাবার তৈরি। বাটিতে ঢেলে নিয়ে তাতে কলা, আপেল, মধু বা বাদাম মিশিয়ে স্বাদ ও পুষ্টি দুই-ই বাড়ানো যায়। হালকা, পেটভরানো এবং সকালের জন্য উপযুক্ত খাবার।
৪. ডিম সেদ্ধ: কেটলিতে পর্যাপ্ত জল নিয়ে ডিমগুলি ডুবিয়ে দিন। ৮–১০ মিনিট ফুটলেই ডিম সেদ্ধ হয়ে যাবে। ব্যস্ত সকালে প্রোটিনের সহজ ও ঝক্কিহীন উৎস হিসেবে ভাল। ডিম সেদ্ধ আর কলা খেয়ে পেট ভরিয়ে নিতে পারেন।
৫. সুজির উপমা: কেটলিতে অল্প মাখন গরম করে তাতে সব্জি মিশিয়ে নিন। ৩০ সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে তাতে শুকনো খোলায় ভাজা সুজি আর বাদাম মিশিয়ে দিন। এতে নুন, মশলা আর জল দিয়ে ফুটতে দিন। মাঝে মধ্যে নাড়াচাড়া করতে হবে। রান্না হয়ে গেলে লেবুর রস ও ধনেপাতা কুচি মিশিয়ে খেয়ে নিন।
বিশেষ করে যাঁরা হস্টেলে থাকেন বা অফিসের আগে দ্রুত কিছু বানিয়ে খেতে চান অথবা রান্নার ঝক্কি এড়াতে চান, তাঁদের জন্য এই উপায়গুলি বেশ কার্যকর। সময় কম লাগে, পরিষ্কার করাও সহজ, আর সবচেয়ে বড় কথা, গ্যাসের প্রয়োজন নেই।