মাতৃত্ব ঠিক যতটা সুন্দর, ততটা পরিশ্রমেরও। মাতৃত্বের সঙ্গে জুড়ে যায় বিনিদ্র রাত, মানসিক চাপ, ক্লান্তি সবটাই। সন্তানকে নিয়েই মায়ের ভুবন আবর্তিত হয়। এই সময় যে কোনও মায়ের পক্ষেই লম্বা সময় ধরে রূপচর্চা করা কঠিন। রাতের পর রাত জাগার ফলে ক্লান্তির ছাপ পড়ে চোখে-মুখে। মায়েরা কিন্তু ব্রণের সমস্যা নয়, বরং ভোগেন শুষ্ক ত্বক, বলিরেখার সমস্যায়। এমন মায়েদের ত্বকের যত্নে প্রয়োজন তিন ধাপ।
ক্লিনজ়িং: ক্লিনজ়িং জরুরি, তবে সেই সময় যাতে অম্ল-ক্ষারের মাত্রা ঠিক থাকে, সেই দিকে খেয়াল রাখা দরকার। সাবান মুক্ত ক্লিনজ়ার বেছে নেওয়া যেতে পারে, যেটি হবে মৃদু এবং ত্বকের উপযোগী। অ্যালকালাইন যুক্ত ক্লিনজ়ার বাদ দেওয়াই ভাল। এতে ত্বক রুক্ষ হয়ে পড়তে পারে।
আরও পড়ুন:
সানস্ক্রিন: বাড়িতে হোক বা বাইরে সানস্ক্রিনের ব্যবহার জরুরি। ঘরের ভিতরে রোদ না থাকলেও অতিবেগনি রশ্মি থাকে। তা থেকেই ত্বকের ক্ষতি হতে পারে। ত্বক বুড়িয়ে যাওয়ার কারণ হতে পারে সূর্যের ক্ষতিকর রশ্মি।
রেটিনল: রেটিনল, ভিটামিন সি ত্বকের স্বাস্থ্য ভাল রাখার পন্থা। বলিরেখা কমাতে সাহায্য করে রেটিনল। ভিটামিন সি জেল্লা ধরে রাখে। সিরামের আকারে মেলে এগুলি। তবে কোনওটিই বেশি ব্যবহার ঠিক নয়। রাতে শোয়ার আগে রেটিনল অথবা ভিটামিন সি সমৃদ্ধ সিরাম মাখতে হবে ক্লিনজ়িং-এর পরে। তার পরে মাখতে পারেন ময়েশ্চারাইজ়ার।