Advertisement
E-Paper

৫ ঘরোয়া উপকরণ: নিয়মিত ব্যবহারে ঠোঁট, চোখের চারপাশের বলিরেখা ধীরে ধীরে মিলিয়ে যাবে

বলিরেখার চিন্তায় রাতের ঘুম উড়ে গিয়েছে। নামী-দামি প্রসাধনী, নানা রকম ‘ট্রিটমেন্ট’ কোনও কিছুতেই কাজ হচ্ছে না। অথচ ঘরেই কিন্তু সহজ সমাধান রয়েছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৩ ১৯:৫৩
Image of Wrinkle

— প্রতীকী চিত্র।

কিছু বছর আগেও ৪০ ছুঁইছুঁই হলে মহিলারা বলিরেখা নিয়ে চিন্তা করতেন। কিন্তু এখন বলিরেখা আর বয়সের সূত্র মেনে মুখে তার ছাপ ফেলে না। ২৫-এর পর থেকেই ত্বকে তার আনাগোনা চলতে থাকে। তবে শুষ্ক ত্বক বা যাঁদের ত্বকে জলের ঘাটতি রয়েছে, তাঁদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। বলিরেখা আটকাতে তাই আগে থেকেই ‘অ্যান্টি এজিং’ ক্রিম মাখতে বলেন বিশেষজ্ঞরা। তবে এই জাতীয় প্রসাধনীতে রাসায়নিকের ব্যবহার বেশি। তাই অনেকেই তা ব্যবহার করতে চান না। তবে ঘরোয়া কিছু উপাদানে কিন্তু এই বলিরেখাকে আটকে দেওয়া যায়।

১) মধু

মধুর মধ্যে জল ধরে রাখার ক্ষমতা রয়েছে। তাই ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে মধু। এক টেবিল চামচ মধুর মধ্যে কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে, মুখে মেখে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। তার পর উষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

২) কলা

পাকা কলা একটু কালো হয়ে গেলে তা ফেলে দেন। ফেলে না দিয়ে তা ব্যবহার করা যায় ত্বকের যত্নে। তার জন্য কী করতে হবে? পাকা কলা চটকে মিনিট ১৫ মুখে মেখে রেখে দিলেই হবে। ত্বকের ‘ইলাস্টিসিটি’ বা স্থিতিস্থাপকতা বাড়িয়ে তুলতে কলার জুড়ি মেলা ভার।

৩) নারকেল তেল

এই তেলে থাকা ফ্যাটি অ্যাসিড ত্বকের আর্দ্রতা বজায় রাখে। যা মুখের পেশির সঙ্কোচন, প্রসারণের সময়ে চামড়ায় তার ছাপ পড়তে দেয় না। তবে মুখে ব্রণের সমস্যা থাকলে সাবধান। তেল মেখে রেখে দেওয়া যাবে না। কিছু ক্ষণ পর ধুয়ে ফেলতে হবে।

৪) অ্যালো ভেরা

ত্বকে জলের ঘাটতি পূরণ করতে পারে অ্যালো ভেরা। এ ছাড়া, যে কোনও ধরনের প্রদাহ দূর করতেও সাহায্য করে। স্পর্শকাতর ত্বকের ক্ষেত্রে অ্যালো ভেরা দারুণ কার্যকরী। বলিরেখা পড়ার শুরুতেই যদি তা রুখে দিতে চান, তা হলে অ্যালো ভেরা জেল বা পাতার শাঁস নিয়মিত ব্যবহার করুন।

৫) অলিভ অয়েল

অ্যান্টি-অক্সিড্যান্ট এবং স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে অলিভ অয়েলে। রাতে ঘুমোতে যাওয়ার কিছু ক্ষণ আগে অল্প পরিমাণে অলিভ অয়েল নিয়ে মুখে মেখে নিন। কিছু ক্ষণ রেখে উষ্ণ জলে ধুয়ে ফেলুন।

wrinkles Skincare home remedies Coconut Oil
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy