গরমের দিনে বাইরের খাবার খাওয়া মানেই পেটের সমস্যাকে আহ্বান জানানো। এমনিতেই এই সময় হজমের সমস্যা হয়। খাওয়ার একটু-ওদিক মানেই পেটখারাপের ভয় থাকে। এই সময় ছোট-বড় যেমন সফর করুন না কেন, সঙ্গে রাখুন স্বাস্থ্যকর খাবার। সঙ্গী যদি ছোটরা হয়, তা হলে আরও বেশি করে সঙ্গে খাবার রাখা প্রয়োজন। কী কী রাখতে পারেন সঙ্গে?
ছোলা-মটর এবং নারকেল: বালিতে ভাজা ছোলা এবং মটর সব সময়েই সঙ্গে রাখা যায়। এই ধরনের খাবারগুলি প্রোটিনে ভরপুর। ফাইবারও থাকে ছোলা-মটরে। চাইলে বালিতে ভাজা ছোলা, মটর, বাদামে মশলা, ভাজা নারকেল মিশিয়ে নিতে পারেন।
রকমারি বাদাম এবং বীজ: বিভিন্ন রকম বাদাম এবং বীজও খাবার হিসাবে ভাল। ঘিয়ে নুন, গোলমরিচ দিয়ে বাদাম, বীজ রোস্ট করে নিতে পারেন। বাদামে মেলে প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট। বীজে রয়েছে ফাইবার। মুখরোচক হলেও এই খাবার স্বাস্থ্যকর।
ফলের বাহার: সফর যদি স্বল্প সময়ের জন্য হয়, ফলও রাখা যায় সঙ্গে। তরমুজের ছোট টুকরো, পনির এবং ফেটা চিজ় টুথ পিক বা কাঠিতে গেঁথে টিফিন বাক্সে ভরে ফেলুন। তবে ঠান্ডা অবস্থায় সেগুলি রাখতে হবে। গরমে নষ্ট হয়ে যেতে পারে। এই খাবার অবশ্য তাড়াতাড়ি খেয়ে ফেলা দরকার। আনারস, পেঁপে, পেয়ারাও সঙ্গে রাখতে পারেন।
চিপ্স: চিপ্স শুধু আলু দিয়ে নয়, কাঁচকলা, রাঙাআলু, রাগি-সহ অনেক কিছুরই হতে পারে। রোস্ট করা মাখানা, চিপ্সও রাখতে পারেন সঙ্গে।