Advertisement
E-Paper

হাতে ব্যান্ডেজ, স্যালাইনের ব্যাগ থেকে নল বেয়ে নামছে কফি, আইভি ড্রিপের নেশায় ভিড় শহরের ক্যাফেতে

কলকাতায় প্রথম আইভি ড্রিপে খানাপিনার সংস্কৃতি তৈরি করল সদ্যোজাত ক্যাফে ‘ড্রিপ কালচার ক্যাফে অ্যান্ড বেকারি’। ইনস্টাগ্রামে ছবি-ভিডিয়ো পোস্ট করার জন্য 'বিষয়-স্রষ্টা'রা ছুটছেন বালিগঞ্জের দিকে। কী ভাবে বানানো হয় এই কফি?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৬ ১০:১২
আইভি ড্রিপে কফি।

আইভি ড্রিপে কফি। — নিজস্ব চিত্র।

কলকাতার যে ক্যাফেতেই যান না কেন, মেনু তো সেই হরেদরে একই। কোথাও স্বাদ ভাল, কোথাও পরিমাণ বেশি, কোথাও আবার দামে ফারাক। কিন্তু খাবারের সঙ্গে যদি মেলে অভিনব অভিজ্ঞতা? ক্যাফে-সংস্কৃতিতে নতুনত্ব আনতেই কোনও ক্যাফেতে খেলাধুলো, কোথাও গান শোনা, কোথাও আবার পোষ্যদের সঙ্গে সময় কাটানোর মতো সুযোগসুবিধা দেওয়া হচ্ছে। তেমনই বালিগঞ্জে তৈরি হল আইভি ড্রিপে কফি খাওয়ার সুযোগ।

কলকাতায় প্রথম আইভি ড্রিপে খানাপিনার সংস্কৃতি তৈরি করল সদ্যোজাত ক্যাফে ‘ড্রিপ কালচার ক্যাফে অ্যান্ড বেকারি’। বয়স মাত্র এক-দেড় সপ্তাহ। এর মধ্যেই ইনস্টাগ্রামে ছবি-ভিডিয়ো পোস্ট করার জন্য ‘বিষয়-স্রষ্টা’রা ছুটছেন বালিগঞ্জের দিকে।

এক সময়ে আইভি ড্রিপ বা স্যালাইনের ব্যাগ ঝুলত কেবল হাসপাতালের শয্যার পাশে, এখন বিয়েবাড়িতে বা নামীদামি সালোঁর আরামকেদারার পাশেও স্ট্যান্ডে ঝোলে সেই ব্যাগ। ঘুম কম হয়েছে? আইভি ড্রিপ। টানা পার্টির পর ক্লান্ত? আইভি ড্রিপ। ত্বকে জেল্লা চাই? আইভি ড্রিপ। যেন আধুনিক জীবনের সব সমস্যার উত্তর লুকিয়ে রয়েছে একটি স্বচ্ছ তরলের ব্যাগে। কসরত নয়, শিরায় সুচ ফুটিয়ে সব সমস্যার সমাধান তুড়ি মেরে পাওয়া যাচ্ছে এই ড্রিপের মাধ্যমে। শহরের বিভিন্ন ওয়েলনেস ক্লিনিকও সেই চাহিদাকে মনে রেখে নানা ধরনের আইভি ড্রিপ প্যাকেজ চালু করেছে। এর ভালমন্দ নিয়ে বিস্তর আলোচনা চলছে চিকিৎসক মহলে।

এ বার ক্যাফেতেও এল সেই আইভি ড্রিপের ভাবনা। তবে হাতে সুচ ফুটিয়ে নয়, তেমনই আমেজ তৈরি করা হয়েছে নকল আইভি ড্রিপ দিয়ে। তাই শারীরিক জটিলতার কোনও ভয় নেই। কেবল আইভি ড্রিপের ট্রেন্ডকে গুরুত্ব দেওয়া হয়েছে মাত্র। সব মিলিয়ে দাম রাখা হয়েছে ৩১০ টাকা। ক্যাফের ম্যানেজার সঞ্জয় সিংহের কথায়, ‘‘ক্যাফেতে আসা মানুষদের কেবল আনন্দ দেওয়ার জন্যই এই ভাবনা। বন্ধুরা মিলে আসছেন, ছবি-ভিডিয়ো তুলছেন। আয়েস করে কফি খাচ্ছেন। কেউ দুধ-কফি, কেউ কালো-কফি। কিন্তু গ্লাসে চুমুক দেওয়ার আগে আইভি ড্রিপের অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। এখন লোকে ইনস্টাগ্রামে পোস্ট করার মতো জায়গা বা অভিজ্ঞতার খোঁজে থাকেন। আর সেই শখই পূরণ করতে চেয়েছি আমরা। ভাল খাবার, সঙ্গে নতুন নতুন অভিজ্ঞতা।’’

কী ভাবে বানানো হয় আইভি ড্রিপের কফি?

১. ক্যাফের বারিস্তা বাপি নীল সর্দার প্রথমে আইভি ড্রিপ ব্যাগ নিয়ে তাতে ১৫০ মিলিলিটার দুধ মিশিয়েছেন।

২. তার পর কফি মেশিনে ৩০ মিলিলিটারের এসপ্রেসো শট তৈরি করেছেন কফির বিন পিষে।

৩. এর পর ড্রিপ ব্যাগের নলের মুখে বসিয়েছেন একটি ফানেল। তাতে ধীরে ধীরে ঢেলে দিয়েছেন এসপ্রেসো শট।

৪. বাইরে থেকে হাতে করে মিশিয়ে দিয়েছেন দু’টি উপকরণ।

৫. এ বার আইভি ব্যাগের নলের সঙ্গে ড্রিপের নল জুড়ে দিয়েছেন।

৬. তার পর স্ট্যান্ডের সঙ্গে ব্যাগ আটকে দিয়েছেন।

৭. ড্রিপের শেষপ্রান্তটি নিয়ে খদ্দেরের হাতের উপরের অংশে একটি ব্যান্ডেজ দিয়ে কেবল লাগিয়ে দিয়েছেন।

৮. তার পর ধীরে ধীরে স্টপকক ঘুরিয়ে ঘুরিয়ে নল থেকে বরফ ভর্তি গ্লাসে কফি ঢেলে দিয়েছেন।

৯. কফি ঢালার পর্ব শেষ হওয়ার পর ড্রিপ খুলে নিয়েছেন। আর কফিটুকু আরাম করে পান করেছেন খদ্দের।

Saline Coffee Cafe

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy