Advertisement
E-Paper

গরমে প্রাণ জুড়োতে শুধু আইসক্রিম নয়, বানিয়ে ফেলুন ম্যাঙ্গো পুডিং, রইল প্রণালী

পাকা আম দিয়ে আর যা-ই বানান না কেন, এক বার চেখে দেখতেই পারেন ম্যাঙ্গো পুডিং।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মে ২০২৩ ১৯:০৩
caramel mango pudding

গরমের দিনে ঠান্ডা ঠান্ডা আমের পুডিং। ছবি- সংগৃহীত

গরমের শান্ত, নিস্তব্ধ দুপুরে আইসক্রিমের গাড়ির ডাক শুনলেই মনটা কেমন ব্যাকুল হয়ে ওঠে। বিকেলে হঠাৎ আসা ঝড়ে আম কুড়োতে যাওয়ার কথা নিশ্চয়ই মনে পড়ে? ফিরে যেতে ইচ্ছা করে ফেলে আসা শৈশবে। তবে এখন তো সে সব অতীত। ঠান্ডা লাগার ভয়ে বেশি আইসক্রিমও খেতে পারেন না। আম কুড়োনোরও উপায় নেই, কিনেই খেতে হয়। আম দিয়ে অন্যান্য বার বাড়িতে আইসক্রিমই বানান। এ বার আর আইসক্রিম নয়, অন্য কিছু তৈরি করার ইচ্ছা। চিন্তা কী? বানিয়ে ফেলতে পারেন মিষ্টি পদ ক্যারামেল ম্যাঙ্গো পুডিং। রইল তার রেসিপি।

উপকরণ:

১) পাকা আম: আধ কাপ

২) কাস্টার্ড পাউডার: ২ টেবিল চামচ

৩) দুধ: ২ কাপ

৪) চিনি: আধ কাপ

৫) পাউরুটি গুঁড়ো: ১ কাপ

প্রণালী:

ব্লেন্ডারে দিয়ে আম ব্লেন্ড করে নিন। এর মধ্যে পাউরুটির গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নিন।

এ বার একটি বাটিতে কাস্টার্ড পাউডারের সঙ্গে দুধ দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। খেয়াল রাখবেন যেন দলা পাকিয়ে না যায়।

এ বার কড়াইতে আম এবং কাস্টার্ড পাউডারের মিশ্রণ দিয়ে সমানে নাড়তে থাকুন।

পরিমাণ মতো চিনি মেশান। চাইলে কনডেন্স্‌ড মিল্কও দিতে পারেন।

ঘন হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন।

এ বার অন্য একটি কড়াইতে চিনি এবং সামান্য জল দিয়ে ক্যারামেল সিরাপ তৈরি করে নিন।

যে পাত্রে পুডিং তৈরি করবেন, তার মধ্যে ক্যারামেল সিরাপ দিয়ে তার মধ্যে পুডিংয়ের মিশ্রণ দিয়ে দিন।

এ বার স্টিমারে জল গরম করতে দিন।

এর মধ্যে পুডিংয়ের পাত্র বসিয়ে দিন। চাপা দিয়ে রাখুন ৩০ মিনিট।

পুডিং জমল কিনা, তা বোঝার জন্য মাঝে একটি কাঠি গুঁজে দেখুন। যদি কিছু লেগে থাকে, তা হলে বুঝতে হবে পুডিং ভাল ভাবে জমেনি। সে ক্ষেত্রে আরও কিছু ক্ষণ আঁচে বসিয়ে রাখতে হবে।

পরিবেশন করার ২-৩ ঘণ্টা আগে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে।

Recipe Pudding Mango Recipes
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy