পশ্চিমবঙ্গে সাঁতারের মান আরও উন্নত করতে বড় পদক্ষেপ করেছে বেঙ্গল অ্যামেচার সাঁতার সংস্থা। নতুন ওয়েবসাইট চালু করেছে তারা। শনিবার এই নতুন ওয়েবসাইটের উদ্বোধন করেন বেঙ্গল অ্যামেচার সাঁতার সংস্থার সভাপতি দেবাশিস কুমার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সচিব কঙ্কন পানিগ্রাহী, প্যাট্রন ইন চিফ অজিত বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য কর্তা। ছিলেন সাঁতার সংস্থার কোচ, সাঁতারু ও সদস্যেরাও।
বাংলার সাঁতার সম্পর্কে সব তথ্য থাকবে এই ওয়েবসাইটে। ফলে যে কেউ চাইলেই সেই তথ্য জানতে পারবেন। সাঁতারুদের রেজিস্ট্রেশনের সুবিধা হবে। পাশাপাশি প্রতিযোগিতা সম্পর্কিত সব তথ্য থাকবে এই ওয়েবসাইটে। রাজ্যের সাঁতারে স্বচ্ছতার যাতে অভাব না হয়, সেই কারণেই এই পদক্ষেপ করা হয়েছে।
আরও পড়ুন:
এই অনুষ্ঠানে আরও কয়েকটি ঘোষণা হয়েছে। উত্তর কলকাতার দেশবন্ধু পার্কে একটি সুইমিং পুল তৈরি করা হবে। কলকাতা পৌরসংস্থার সঙ্গে চুক্তি পাকা হয়ে গিয়েছে। এই পুলে বিশ্বমানের প্রস্তুতির বন্দোবস্ত থাকবে। এতে বাংলার সাঁতারের আরও উন্নতি হবে বলেই মনে করছেন বেঙ্গল অ্যামেচার সাঁতার সংস্থার কর্তারা।