টাইব্রেকারে জয়ী হাওড়া ইউনিয়ন
নিজস্ব সংবাদদাতা • গাইঘাটা
তখন উত্তেজনা তুঙ্গে। নিজস্ব চিত্র।
গাইঘাটার চাঁদপাড়া মিলন সঙ্ঘের পরিচালনায় আট দলের নক আউট প্রতিযোগিতায় জয়ী হল হাওড়া ইউনিয়ন। শনিবার স্থানীয় চাঁদপাড়া সঙ্ঘের মাঠে আয়োজিত ফাইনালে হাওড়া ইউনিয়ন টাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত করে বাংলাদেশের গোপালগঞ্জের আবাহনী ক্রীড়া চক্রকে। খেলার নির্দিষ্ট সময়ে দু’টি দলই গোল করতে ব্যর্থ হয়। মাঠে প্রায় দেড় হাজার মানুষের ভিড় হয়েছিল। কিন্তু ফাইনাল খেলা দেখে তাদের মন ভরেনি। খেলায় প্রচুর ভুল পাস হয়। তবে খেলার দু’মিনিটের মাথায় আবাহনীর এক খেলোয়াড়ের মাঝ মাঠ থেকে নেওয়া শট হাওড়ার গোলপোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। কিন্তু ওইটুকুই। তারপর আবাহনী কয়েক বার আক্রমণে উঠলেও ফরওয়ার্ডদের ব্যর্থতায় গোল পায়নি। দ্বিতীয়ার্ধে আবাহনী দু’টি ও হাওড়া একটি করে কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি। দু’দলের একজন করে খেলোয়াড় হলুদ কার্ড দেখেন। টাইব্রেকারে আবাহনীর ইমরুল হাসানের নেওয়া শেষ শটটি বাঁচিয়ে দলকে জয়ী করেন হাওড়ার গোলকিপার পলাশ বৈদ্য। ১৫ ডিসেম্বর থেকে প্রতিযোগিতা শুরু হয়। বাকি দলগুলি ছিল সোদপুর ক্লাব, ইস্টার্ন রেল ওয়ার্কশপ, বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমি, বেলঘরিয়ার আলাউদ্দিন ফুটবল একাদশ, পশ্চিমবঙ্গ পুলিশ ও খড়দহ সূর্য সেন সঙ্ঘ। ফাইনাল খেলা দেখতে উপস্থিত ছিলেন বনগাঁর এসডিপিও বিশ্বজিত্ মাহাত, গাইঘাটা থানার ওসি অরিন্দম ভট্টাচার্য, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুব্রত সরকার।
জিতল করিমের পুণে
ফেড কাপের প্রথম ম্যাচেই দুরন্ত পারফরম্যান্স করিম বেঞ্চারিফার টিমের। লাজং এফসি-কে ৩-১ হারাল পুণে এফসি। শুরুটা অবশ্য খারাপ করেনি লাজং। এমনকী লালরামমুয়ানার গোলে এগিয়েও গিয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত তিন গোল হজম করতে হল শিলংয়ের টিমকে। বিরতির আগেই সমতা ফেরান অ্যান্থনি ডি’সুজা। ম্যাচের দ্বিতীয়ার্ধে আরাতা ইজুমি এগিয়ে দেন পুণেকে। দ্বিতীয়ার্ধে লাজং আর গোলের মুখ খুলতে পারেনি। উল্টে ইনজুরি সময়ে এরিক ব্রাউন পুণের কফিনে শেষ পেরেকটি পোঁতেন। মোহনবাগান গ্রুপেই রয়েছে পুণে এফসি। পরের ম্যাচেই আরাতা ইজুমি-সুয়োকারা মুখোমুখি হবেন করিমের প্রাক্তন ক্লাবের। তার আগে সোমবার ভাস্কোতে লাজংয়ের বিরুদ্ধে এই জয় টিমের আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করছেন করিম নিজে।
দুঙ্গার ভোট রোনাল্ডোকে
বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জেতার দৌড়ে নেইমার নন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই তাঁর পছন্দ। জানিয়ে দিলেন খোদ ব্রাজিলের কোচ কার্লোস দুঙ্গা। কাকে ভোট দিয়েছেন এ বার, ব্রাজিলের তারকা স্ট্রাইকারকে? প্রশ্ন করলে দুঙ্গা বলে দেন, “আমি রোনাল্ডোকে ভোট দিয়েছি।” পতুর্গিজ তারকা না বার্সেলোনার রাজপুত্র লিও মেসি কে এ বারের ব্যালন ডি’অর জিতবে সে নিয়ে দুই মহাতারকার ভক্তদের মধ্যে তর্কের শেষ নেই। লড়াইয়ে আছেন জার্মানির গোলকিপার ম্যানুয়েল ন্যয়ারও। গত বার বর্ষসেরার পুরস্কার দখল করেছিলেন সিআর সেভেনই। দুঙ্গার স্বীকারোক্তিতে রোনাল্ডো ভক্তদের হাসি যে আরও চওড়া হবে সন্দেহ নেই।
ব্ল্যাক ম্যাজিক
ব্রেন্ডন ম্যাকালামের ১৩৪ বলে ১৯৫ রানের দুর্ধর্ষ ইনিংসের চাপ তো ছিলই সঙ্গে দুই টিম সাউদি আর ট্রেন্ট বোল্টের ঘাতক পেস বোলিং। প্রথম টেস্টে এই জোড়া আঘাত সামলাতে পারল না শ্রীলঙ্কা। দুই পেসারই দু’ইনিংস মিলিয়ে নিলেন ১৩ উইকেট। আট উইকেটে কুমার সঙ্গকারাদের হারে টেস্টে সাফল্যের নিরিখে ‘ব্ল্যাক ক্যাপস’-এর কাছে সফলতম হয়ে রইল বছরটা। ৯ টেস্টে চলতি বছরে পাঁচটা জয় আর দুটো ড্র করেছেন ম্যাকালামরা। এর আগে এক বছরে চারটে করে টেস্ট জেতার নজির পাঁচ বার আছে কিউয়িদের। সেটাকে পাঁচে নিয়ে যাওয়ার কৃতিত্ব এই প্রথম। একই সঙ্গে প্রথম টেস্ট জিতে দুই টেস্টের সিরিজে ১-০ এগিয়ে গেলেন কিউয়িরা।
পন্টিংয়ের ইচ্ছে
আসন্ন বিশ্বকাপের ১৫ জনের অস্ট্রেলিয়া দলে ভারতীয় বংশোদ্ভূত গুরিন্দর সিংহ সান্ধুকে চান রিকি পন্টিং। ঘরোয়া ক্রিকেটে সান্ধুর সাম্প্রতিক পারফরম্যান্স মনে ধরেছে প্রাক্তন অজি অধিনায়কের। একটি অনুষ্ঠানে পন্টিং বলেন, “ছোট ফর্ম্যাটের ক্রিকেটে গুরিন্দর দুরন্ত বোলার। বিশেষ করে টি-টোয়েন্টিতে তো ডেথ ওভারে যে ভাবে ও বল করে সেটা অস্ট্রেলিয়ার কাজে লাগতে পারে। সীমিত ওভারের ক্রিকেটে এই জায়গাটায় অস্ট্রেলিয়া কখনও দুরন্ত ছিল না।” ২১ বছরের গুরিন্দরের নিউ সাউথ ওয়েলসে জন্ম। ছ’ফুট তিন ইঞ্চির পেসার ২৯টি ঘরোয়া ম্যাচে ৫২ উইকেট নিয়েছেন। গড় ২৪.৩৬। আইসিসি-কে ইতিমধ্যেই বিশ্বকাপের সম্ভাব্য ৩০ জনের তালিকা দিয়েছে অস্ট্রেলিয়া। যার মধ্যে কারও নামই প্রকাশ করা হয়নি। ৭ জানুয়ারির মধ্যে এই তালিকা থেকে চূড়ান্ত ১৫ ঘোষণা করতে পারে অজি বোর্ড।
তোরেস আটলেটিকোয়
আটলেটিকো মাদ্রিদ না কি পাকাপাকি ভাবে এসি মিলান কোথায় খেলবেন ফের্নান্দো তোরেস? জল্পনা চলছিলই। তারকা স্প্যানিশ স্ট্রাইকার অবশেষে প্রাক্তন ক্লাব আটলেটিকো মাদ্রিদে প্রত্যাবর্তনে রাজি হয়েছেন। সাড়ে সাত বছর পর। তবে ৩০ বছরের স্ট্রাইকার দিয়েগো সিমিওনের টিমে লিয়েনে খেলবেন। এসি মিলান আর চেলসির মধ্যে চুক্তি হওয়ার পর। চেলসিতে যোগ দেওয়ার পর ফর্মের খরা থাকায় গত মরসুমে তোরেস ইতালির ক্লাবে লিয়েনে খেলেছিলেন। এ মরসুমে এসি মিলান তোরেসের সঙ্গে চুক্তি করতে চেয়েছিল। ৫ জানুয়ারির পর ইতালির ট্রান্সফার উইন্ডো খুলবে। তার পর তোরেস ২০১৫-১৬ মরসুমের জন্য এসি মিলানে চুক্তিবদ্ধ হতে পারেন। আটলেটিকোয় খেলার পথও পরিষ্কার হয়ে যাবে তখনই। এমনটাই নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে আটলেটিকো মাদ্রিদ।
হাফিজ ভারতে
বোলিং অ্যাকশন শোধরাতে সোমবার ভারতে এলেন মহম্মদ হাফিজ। পাকিস্তানের অলরাউন্ডারকে গত মাসে সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে সাসপেন্ড করে আইসিসি। সইদ আজমলের একই কারণে সাসপেন্ড হওয়ার পর হাফিজের ঘটনা বিশ্বকাপের প্রস্তুতিতে পাকিস্তানের কাছে বড় ধাক্কা। তাই দ্রুত বোলিং অ্যাকশন শুধরে হাফিজকে বিশ্বকাপে খেলাতে মরিয়া পাকিস্তান। যদি বেসরকারি পরীক্ষায় হাফিজ উতরে যান, তা হলে পাকিস্তান সরকারি ভাবে তাঁর বোলিং অ্যাকশন পরীক্ষার অবেদন জানাবে।