Advertisement
E-Paper

আইপিএলে সব ম্যাচে খেলতে দেখা যাবে না ধোনিকে! ইঙ্গিত চেন্নাই কর্তার

চেন্নাইয়ের সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, আগামী মরসুমেও চেন্নাই সুপার কিংসে খেলবেন মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু সব ম্যাচে তাঁকে খেলতে না-ও দেখা যেতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১২
cricket

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

মহেন্দ্র সিংহ ধোনি যে আইপিএলের আগামী মরসুমে চেন্নাই সুপার কিংসে খেলবেন তা জানিয়ে দিয়েছেন দলের সিইও কাশী বিশ্বনাথন। তবে এ বার জানা গিয়েছে, সব ম্যাচে হয়তো খেলবেন না ধোনি। এমনটাই ইঙ্গিত দিয়েছেন চেন্নাই সুপার কিংসের এক কর্তা।

চলতি বছরের শেষ দিকে ৪৫ বছর বয়স হবে ধোনির। ফলে তাঁর শরীর কতটা ফিট থাকবে, তা নিয়ে সংশয় রয়েছে। পাশাপাশি হাঁটুর সমস্যাও রয়েছে তাঁর। এই প্রসঙ্গে চেন্নাইয়ের এক কর্তা সংবাদসংস্থাকে বলেছেন, “আমরা এটা নিশ্চিত ভাবে বলতে পারি যে ধোনি চেন্নাইয়ে আসছে। ও খেলতে তৈরি।” পাশাপাশি তিনি আরও বলেন, “ধোনি সব ম্যাচে খেলবে কি না তা এই মুহূর্তে বলতে পারছি না। সেটা ও ঠিক করবে।” ওই কর্তার কথা থেকে পরিষ্কার, হয়তো বেছে বেছে খেলবেন ধোনি।

ধোনির বিকল্প ইতিমধ্যেই বেছে ফেলেছে চেন্নাই সুপার কিংস। গত নিলামের আগে রাজস্থান রয়্যালস থেকে সঞ্জু স্যামসনকে নিয়েছে তারা। সঞ্জু রাজস্থানে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ফলে চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়েরও সুবিধা হবে। উইকেটের পিছন থেকে যে কাজটা ধোনি করতেন, সেটাই করবেন সঞ্জু। যদি কোনও ম্যাচে রুতুরাজ খেলতে না পারেন, তা হলে সঞ্জুকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে।

গত বারই দেখা গিয়েছিল, বেশ কিছু ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলেছেন ধোনি। খেলার আগে ও পরে হাঁটুতে নি-ক্যাপ পরে থাকতেন তিনি। বোঝা যেত, হাঁটু নিয়ে সমস্যা হচ্ছে। ধোনির যা বয়স ও হাঁটুর যা অবস্থা তাতে প্রতি ম্যাচে ২০ ওভার কিপিং করা কঠিন। তাই ধোনিকে হয়তো এ বারেও প্রতি ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবেই খেলানো হবে। উইকেটের পিছনে সঞ্জুকে দেখা যেতে পারে।

রবিবারই ধোনির অবসরের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল চেন্নাই সুপার কিংসের সিইও বিশ্বনাথনকে। তিনি শুধু বলেন, ‘‘ও খেলবে। ও খেলবে।’’ দলের প্রাক্তন অধিনায়কের অবসর নিয়ে জল্পনা বন্ধ হওয়া উচিত বলেও জানিয়েছেন বিশ্বনাথন। ২০২৪ সালের আইপিএলের আগে চেন্নাইয়ের নেতৃত্ব ছেড়ে দেন ধোনি। সিএসকের অধিনায়ক হন রুতুরাজ। তখন থেকেই ৪৪ বছরের উইকেটরক্ষক-ব্যাটারের অবসর নিয়ে শুরু হয়েছে জল্পনা। এ বছর সিএসকে কর্তৃপক্ষ সঞ্জুকে দলে নেওয়ায় জল্পনা আরও তীব্র হয়েছে।

আইপিএলের গত নিলামের পর আবু ধাবিতে সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং বলেছিলেন, ‘‘আমরা ভবিষ্যতের দল তৈরির উপর গুরুত্ব দিচ্ছি। ধোনি কোনও না কোনও দিন অবসর নেবেই। সে কারণে আমরা সঞ্জুকে দলে নিয়েছি। সঞ্জু আন্তর্জাতিক মানের ক্রিকেটার। ধোনির শূন্যস্থান ও ভাল ভাবেই পূরণ করতে পারবে।’’ ফ্লেমিংয়ের ওই বক্তব্য ধোনির অবসর নিয়ে জল্পনাকে আরও উস্কে দেয়।

২০১৯ সালের পর দেশের হয়ে না খেলায় আইপিএলে ধোনিকে এখন ঘরোয়া ক্রিকেটার হিসাবে বিবেচনা করা হয়। বয়স বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ধোনির ক্রিকেটীয় দক্ষতার ধার কমেছে। বিশেষ করে ব্যাটার ধোনি গত দু’মরসুম ধরে আইপিএলে ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা পূরণ করতে পারছেন না। যদিও আইপিএল থেকে অবসরের ইঙ্গিত কখনও দেননি ধোনি। আইপিএল ছাড়া আর কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেটও এখন খেলেন না ভারতকে দু’টি বিশ্বকাপ দেওয়া প্রাক্তন অধিনায়ক।

MS Dhoni Chennai Super Kings IPL
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy